বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কেমিক্যাল ব্যবস্থাপনা সুসংহত করা, পানি দূষণ রোধ এবং টেকসই পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-র সাথে এক ফলপ্রসূ বৈঠক করেছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

বৈঠকে বিকেএমইএ-র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ বলেন, প্রকল্পটির কাঙ্ক্ষিত সাফল্য নিশ্চিত করতে অংশগ্রহণকারী কারখানা নির্বাচনের ক্ষেত্রে সঠিক ও বাস্তবসম্মত মানদণ্ড নির্ধারণ করা অত্যন্ত জরুরি।

পাশাপাশি সদস্য কারখানাগুলোর সুবিধার্থে অঞ্চলভিত্তিক কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি।বিকেএমইএ পরিচালক মিনহাজুল হক জানান, এই উদ্যোগ যেন পোশাক খাতের জন্য দীর্ঘমেয়াদি সুফল নিয়ে আসে। বিকেএমইএ পরিচালনা পর্ষদ এই প্রকল্পের পক্ষে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটিকে নতুন কোনো ‘অডিট’ হিসেবে না দেখে কারখানার সক্ষমতা বৃদ্ধি ও কারিগরি সহায়তার সুযোগ হিসেবে দেখা উচিত, যা কারখানাগুলোর পরিবেশগত ব্যবস্থাপনা আরও জোরদার করবে।

আলোচনায় জেডডিএইচসি (ZDHC) ফাউন্ডেশনের পক্ষে একাডেমিক অ্যান্ড মাল্টিলেটারেল পার্টনারশিপ ডিরেক্টর মারিয়েলা নাতো ও বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এস এম রায়হান হোসেন এবং ইকোপসিস (ECOPSIS)-এর প্রজেক্ট ডিরেক্টর গুফরান মনসুর অংশ নেন। এছাড়া এঅ্যান্ডজে করপোরেশনের প্রজেক্ট অ্যাডভাইজার প্রকৌশলী এহসানুল করিম কায়সার, প্রজেক্ট ম্যানেজার প্রকৌশলী এএসএম তারেক আমিন ও ডেপুটি প্রজেক্ট ম্যানেজার এনামুল হাফিজ লতিফী এবং বায়লা (BAYLA)-র প্রথম সহ-সভাপতি হাসিন আরমান বৈঠকে উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের আওতায় ১০০টিরও বেশি পোশাক কারখানার প্রাথমিক স্ক্রিনিং ও পরিবেশগত মূল্যায়ন করা হবে। এছাড়া কারখানার ২০০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ প্রদান, পরিবেশবান্ধব প্রযুক্তি ও জেডডিএইচসি টুলসের ব্যবহার নিশ্চিতকরণ এবং ২৫টি কারখানার বর্জ্য পানি পরীক্ষা করা হবে।

এএফডি প্রতিনিধিরা উল্লেখ করেন, দূষণ প্রতিরোধে কারখানাগুলোর পাশাপাশি রাসায়নিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকেও এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করা প্রয়োজন, যা পুরো সাপ্লাই চেইনের কেমিক্যাল ব্যবস্থাপনা শক্তিশালী করবে।

বিকেএমইএ জানায়, শিল্পের সক্ষমতা বাড়াতে, জীববৈচিত্র্য রক্ষা, পানি দূষণ কমানো এবং পরিবেশবান্ধব টেকসই উৎপাদন ত্বরান্বিত করতে তারা কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com