প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস উৎপাদন খাতে বিশ্বের সর্বোচ্চ স্কোর অর্জন করে মর্যাদাপূর্ণ ‘লিড প্লাটিনাম’ (LEED Platinum) সনদ লাভ করেছে ইনডেট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আদজি ট্রিমস লিমিটেড। ১১০ পয়েন্টের মধ্যে প্রতিষ্ঠানটি ৯৭ পয়েন্ট অর্জন করেছে, যা বিশ্বব্যাপী এই খাতে এযাবৎকালের সর্বোচ্চ স্কোর।

যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) ‘লিড বিডি+সি: নিউ কনস্ট্রাকশন ভার্সন-৪’ রেটিং সিস্টেমের আওতায় এই স্বীকৃতি দিয়েছে। পরিবেশবান্ধব শিল্প অবকাঠামো, সম্পদের দক্ষ ব্যবহার, আধুনিক প্রযুক্তি এবং টেকসই উৎপাদন প্রক্রিয়ার প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সনদ দেওয়া হয়।

এই অর্জন কেবল আদজি ট্রিমসের একার নয়, বরং বাংলাদেশের বিশেষায়িত প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস শিল্পের জন্যও একটি বড় মাইলফলক। এর মাধ্যমে সবুজ শিল্পায়নে আন্তর্জাতিক মানদণ্ড পূরণে বাংলাদেশের ক্রমবর্ধমান সক্ষমতা আবারও প্রমাণিত হলো।

ঢাকার ধামরাইয়ের কালামপুরের ডাউটিয়ায় অবস্থিত আদজি ট্রিমস একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর উৎপাদন প্রতিষ্ঠান। ২০১২ সালে ইনডেট গ্রুপের অধীনে যাত্রা শুরু করার পর ২০১৬ সালের শেষের দিকে প্রতিষ্ঠানটি নিজস্ব উৎপাদন কার্যক্রম চালু করে।

বর্তমানে প্রায় ১ হাজার ৮০০ জন কর্মী ও কর্মকর্তা এখানে কাজ করছেন। প্রতিষ্ঠানটি প্রায় ৫৪টি ক্যাটাগরির প্যাকেজিং, অ্যাকসেসরিজ ও গার্মেন্টস ট্রিমস পণ্য উৎপাদন করে দেশি ও আন্তর্জাতিক ক্রেতাদের ‘ওয়ান-স্টপ সোর্সিং’ সেবা দিয়ে আসছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের পরিকল্পনা, বিনিয়োগ, দলগত প্রচেষ্টা এবং টেকসই উৎপাদনের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির ফলেই এই লিড প্লাটিনাম সনদ অর্জন সম্ভব হয়েছে। এই মাইলফলক অর্জনে নিজেদের কর্মী, প্রকৌশলী, টেকনিশিয়ান ও ব্যবস্থাপনা পর্ষদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করেছে আদজি ট্রিমস।

পাশাপাশি দেশি-বিদেশি ক্রেতা, বৈশ্বিক ব্র্যান্ড পার্টনার, ব্যবসায়িক সহযোগী ও সরবরাহকারীদের আস্থা এবং নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।আদজি ট্রিমস জানিয়েছে, তারা ভবিষ্যতেও পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা, আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বৈশ্বিক প্যাকেজিং ও ট্রিমস বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখাই তাদের লক্ষ্য।

প্রতিষ্ঠানটির আশা, তাদের এই সাফল্য দেশের অন্যান্য শিল্প উদ্যোক্তাদেরও পরিবেশবান্ধব কারখানা স্থাপন ও টেকসই শিল্পায়নে বিনিয়োগ করতে উৎসাহিত করবে।

রেকর্ড ৯৭ পয়েন্ট অর্জনের মাধ্যমে আদজি ট্রিমস টেকসই উৎপাদনের নতুন মানদণ্ড স্থাপন করল, যা সবুজ শিল্পায়নে বৈশ্বিক নেতৃত্ব হিসেবে বাংলাদেশের সুনামকে আরও উজ্জ্বল করেছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com