তৈরি পোশাক কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা জোরদার করতে শ্রমিক-কর্মচারীদের পরিচয়পত্র (আইডি কার্ড) যাচাই করে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে বিজিএমইএ। মূলত কারখানায় বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানো এবং ভাঙচুর ও উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি এড়াতেই মালিকদের সংগঠনটি এই পদক্ষেপ নিয়েছে।​

গত ১৯ নভেম্বর বিজিএমইএর সদস্যভুক্ত সব কারখানার মালিকদের কাছে পাঠানো এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।​

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের সুযোগ নিয়ে সকালে কাজে যোগ দেওয়ার সময় কিছু কারখানায় শ্রমিকদের ভিড়ের মধ্যে বহিরাগতরা ঢুকে পড়ছে। এতে কারখানার অভ্যন্তরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে। এর ফলে একদিকে যেমন জানমালের ক্ষয়ক্ষতি ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে, তেমনি সাধারণ শ্রমিকদের মধ্যেও বিভ্রান্তি ও বিরোধ তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।​

উদ্ভূত পরিস্থিতিতে সকালে প্রবেশের সময় সব শ্রমিক-কর্মচারী গলায় পরিচয়পত্র ঝুলিয়ে রাখছেন কি না, তা কঠোরভাবে তদারকি করতে কারখানা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। পাশাপাশি ফটকে পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগের মাধ্যমে পরিচয়পত্র যাচাই করে তবেই কারখানায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।​

উল্লেখ্য, মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে গত ১ নভেম্বর থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকেরা।

মজুরি বৃদ্ধির পাশাপাশি শ্রমিকদের কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা বন্ধ এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিও জানান তারা। বিভিন্ন শিল্পাঞ্চলে এই আন্দোলন ছড়িয়ে পড়ায় কারখানার নিরাপত্তা ও উৎপাদন নিয়ে উদ্বেগ দেখা দেয়, যার পরিপ্রেক্ষিতে বেশ কিছু কারখানা বন্ধও ঘোষণা করা হয়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com