ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষের জেরে আজও থমথমে অবস্থা বিরাজ করছে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে। উদ্ভূত পরিস্থিতিতে শ্রম আইনের ১৩(১) ধারায় আশুলিয়ার ২২টি পোশাক কারখানা আজও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
এদিকে চলমান এই সংকট নিরসনে আজ সোমবার (২৩ নভেম্বর) বহুল প্রতীক্ষিত নিম্নতম মজুরি বোর্ডের স্থগিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল থেকে শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন।
তবে কারখানায় প্রবেশের পর উৎপাদন কাজে অংশ না নেওয়ায় হা-মীম গ্রুপ, ডেকো ডিজাইন, নেক্সট কালেকশন ও স্টারলিং গ্রুপসহ ২৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ছাড়া আরও ৫টি কারখানার ভেতরে শ্রমিকরা অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করলে সেখানেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
তবে আজ সকাল থেকে বাইপাইল, জামগড়া, জিরাবো, নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরানি ও কাঠগড়া এলাকার চালু থাকা কারখানাগুলোতে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শিল্প পুলিশ, জেলা পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
অন্যদিকে, আজকের মজুরি বোর্ডের সভার দিকে তাকিয়ে আছেন মালিক ও শ্রমিক উভয় পক্ষ। বোর্ডের চেয়ারম্যান এর আগেই স্পষ্ট করেছেন, নতুন মজুরি কাঠামো যখনই ঘোষণা করা হোক না কেন, তা আগামী ডিসেম্বর মাস থেকেই কার্যকর হবে। শ্রমিকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক মজুরি ঘোষণা করা হলেই শিল্পাঞ্চলে পুরোপুরি কর্মপরিবেশ ফিরে আসবে।


