ঢাকার সাভারের আশুলিয়ায় বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিটের দাবিতে দুটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পাওনা পরিশোধ না করা হলে শ্রম মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) ‘জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিট’-এর ব্যানারে ইনজেনিটেক্স বিডি লিমিটেড ও ইনজেনিটেক্স অ্যাকটিভ লিমিটেডের ভুক্তভোগী শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন।

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকেরা জানান, সকালে আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় একত্র হন আন্দোলনকারীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা বাইপাইল মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হন। সমাবেশ শেষে পুনরায় মিছিল করে বগাবাড়ী এলাকায় এসে কর্মসূচি শেষ করেন তাঁরা।সমাবেশে বক্তব্য দেওয়া শ্রমিকেরা অভিযোগ করেন, গত মার্চে ঈদের ছুটির আগে বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিয়েছিল মালিকপক্ষ। কিন্তু তা না দিয়ে দফায় দফায় ছুটি বাড়ানোর পর এপ্রিল মাসে কারখানা বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে শিল্প পুলিশ ও কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের মধ্যস্থতায় বোনাস এবং এক মাসের বেতনের মাত্র ২৫ শতাংশ পরিশোধ করা হলেও বাকি টাকা আর দেওয়া হয়নি। এছাড়া কারখানার প্রশাসনিক কর্মীদের গত পাঁচ থেকে ছয় মাসের বেতন বকেয়া রয়েছে।জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি ফরিদুল ইসলাম জানান, দুটি কারখানায় দুই হাজারের বেশি শ্রমিক কর্মরত থাকলেও সমঝোতার পর মাত্র ১২০ জনের মতো শ্রমিকের পাওনা আংশিক পরিশোধ করা হয়েছে।

বারবার প্রতিশ্রুতি দিয়েও চুক্তি অনুযায়ী পাওনা বুঝিয়ে না দেওয়ায় সাধারণ শ্রমিকেরা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে সব বকেয়া পরিশোধের কার্যকর পদক্ষেপ না নিলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com