দ্রুততম সময়ে মানসম্মত মজুরি নির্ধারণের দাবি

ক্ষুধা ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তৈরি হওয়া শ্রমিকদের ক্ষোভ দমন-পীড়নের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে না বলে মন্তব্য করেছে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (জি-স্কপ)। সংগঠনটি শ্রমিকদের জন্য দ্রুততম সময়ে মানসম্মত ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে শ্রমিকদের সম্মিলিত মজুরি প্রস্তাব নিয়ে বিভ্রান্তি সৃষ্টি বন্ধ, শ্রমিকদের ওপর হামলা ও দমন-পীড়ন বন্ধ, নিহত শ্রমিকদের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার এবং গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবি জানানো হয়।

জি-স্কপের যুগ্ম সমন্বয়ক বাচ্চু মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন আসাদুজ্জামান চৌধুরী। এতে বক্তব্য দেন আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন, এম এ সালাম, সাইফুল ইসলাম, আজিজুর রহমান আজিজ, ফরিদুল ইসলাম, নুরুল আমিন, শাহজাহান সিরাজ, নাহিমা সুলতানা লতা, ফাতেমা আক্তার ও আরমান হোসেনসহ সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের রাজপথে নামার পেছনে রয়েছে দীর্ঘদিনের আর্থিক সংকট ও জীবনযাত্রার ব্যয় মেটাতে না পারার ক্ষোভ। শক্তি প্রয়োগ করে এই ক্ষোভ দমনের চেষ্টা করলে পরিস্থিতির সমাধান হবে না। বরং শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তারা বলেন, বাংলাদেশের পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। দেশের রপ্তানি আয়, অর্থনীতি ও কর্মসংস্থানে এই শিল্পের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ উৎপাদন ও রপ্তানি আয় বাড়লেও শ্রমিকদের জীবনমানের তেমন উন্নতি হচ্ছে না। খাদ্য, বাসস্থান, চিকিৎসা, যাতায়াত ও শিক্ষার ব্যয় মেটাতে গিয়ে অনেক শ্রমিক ঋণগ্রস্ত হচ্ছেন। অনেকে প্রয়োজনীয় পুষ্টি ও চিকিৎসার ব্যয় কমাতে বাধ্য হচ্ছেন।

নেতাদের ভাষ্য, পোশাকশিল্পের শ্রমিকেরা সাধারণত ৪০ বছর বয়সের পর কর্মসংস্থানের অনিশ্চয়তায় পড়েন। ফলে কর্মজীবনের উপার্জন থেকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করার সুযোগও সীমিত থাকে। এ পরিস্থিতিতে শ্রমিকদের বর্তমান চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে—এমন মজুরি কাঠামো প্রয়োজন।

তারা আরও বলেন, সংবিধানের ১৫ অনুচ্ছেদ এবং শ্রম আইনের ১৪১ ধারায় উল্লেখিত মানদণ্ড অনুসরণ করে খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণ করতে হবে।

শ্রমিকদের সম্মিলিত মজুরি প্রস্তাব বাস্তবায়নের দাবি

সংবাদ সম্মেলনে জি-স্কপ জানায়, শ্রমিকদের বিভিন্ন ফেডারেশনের সঙ্গে আলোচনা ও সম্মিলিত মতামতের ভিত্তিতে মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধি একটি প্রস্তাব জমা দিয়েছেন। সংগঠনটির মতে, শ্রমিকদের ঐক্যবদ্ধ অবস্থানের প্রতিফলন হিসেবে এই প্রস্তাব গুরুত্বপূর্ণ।

জি-স্কপের দাবি, বর্তমান জীবনযাত্রার ব্যয় ও সর্বশেষ পে-স্কেল বিবেচনায় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৭ হাজার টাকার কম হওয়া উচিত নয়। তবে শ্রমিক আন্দোলনের ঐক্য বজায় রাখার স্বার্থে মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধিরা চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য ৩২ হাজার টাকার যে প্রস্তাব দিয়েছেন, সেটিকে সংগঠনটি সমর্থন করেছে।

তবে বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও গবেষণা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক মজুরি প্রস্তাব এবং গ্রেড পরিবর্তনের উদ্যোগ শ্রমিকদের সম্মিলিত অবস্থানকে দুর্বল করতে পারে বলে উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। তাদের মতে, বিদ্যমান চারটি গ্রেডের পরিবর্তে পাঁচ বা সাতটি গ্রেড চালুর প্রস্তাব মজুরি বৈষম্য বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে। একইভাবে, যথাযথ দরকষাকষি ছাড়াই এক বৈঠকে মজুরি চূড়ান্ত করার উদ্যোগ শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের সুযোগ সীমিত করতে পারে।

তবে গবেষণা, তথ্য ও মতামত প্রকাশের অধিকারকে অস্বীকার না করে এসব উদ্যোগে শ্রমিকদের বাস্তব অভিজ্ঞতা ও স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছে জি-স্কপ।

মজুরি বৃদ্ধিতে ক্রেতাদের দায়িত্ব নেওয়ার আহ্বান

সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলোর অবস্থানের বিষয়টিও তুলে ধরে সংগঠনটি। নেতারা জানান, গত ১৯ নভেম্বর ACT-এর সদস্য আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর যৌথ বিবৃতিতে বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত ও অর্থবহভাবে বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার, শান্তিপূর্ণ সমাবেশ এবং সামাজিক সংলাপ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

একই দিনে Fair Wear-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যৌথ বিবৃতিতে মজুরি বৃদ্ধির অতিরিক্ত ব্যয় ক্রয়মূল্যের সঙ্গে সমন্বয় করতে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

জি-স্কপের নেতারা বলেন, মজুরি বাড়ানোর অতিরিক্ত ব্যয়ের পুরো দায় শুধু পোশাক কারখানার মালিকদের ওপর চাপানো উচিত নয়। আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মজুরি বৃদ্ধির কারণে বাংলাদেশ থেকে ক্রয়াদেশ কমানো, বাতিল করা কিংবা অন্য দেশে স্থানান্তর না করে ন্যায্য ক্রয়মূল্য নিশ্চিত করতে হবে।

শ্রমিকদের বিরুদ্ধে হয়রানি ও নির্বিচার গ্রেপ্তার বন্ধের দাবি

মজুরি আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর হামলা, গ্রেপ্তার, মামলা ও হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জি-স্কপ। সংগঠনটির দাবি, নির্দিষ্ট অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেতে পারে। তবে মজুরি দাবি, আন্দোলনে অংশগ্রহণ কিংবা শ্রমিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার কারণে কাউকে হয়রানি বা গ্রেপ্তার করা গ্রহণযোগ্য নয়।

নেতারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনকে আইনশৃঙ্খলার সমস্যা হিসেবে বিবেচনা করে দমন করার প্রবণতা বন্ধ করতে হবে। ভয়ভীতি, মামলা ও গ্রেপ্তারের মাধ্যমে শ্রমিক অসন্তোষের মূল কারণ দূর করা সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে মোর্শেদ আলম কাউছারসহ সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগ নেই—এমন আটক শ্রমিক ও শ্রমিক নেতাদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। অন্যদের ক্ষেত্রেও নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার ও আইনানুগ প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানায় সংগঠনটি।

নিহত দুই শ্রমিকের মৃত্যুর তদন্ত ও ক্ষতিপূরণ দাবি

মজুরি আন্দোলনকে কেন্দ্র করে নিহত শ্রমিক তৌফিক ও সেলিমের মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে জি-স্কপ। সংগঠনটি বলেছে, দুই শ্রমিকের মৃত্যুর প্রকৃত কারণ ও পরিস্থিতি নির্ধারণে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে। একই সঙ্গে দায়ী ব্যক্তি বা পক্ষকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।

নেতাদের মতে, শ্রমিকদের নিয়মতান্ত্রিক অধিকার চর্চার সুযোগের অভাব, বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট গোষ্ঠীর দ্বন্দ্ব এবং শ্রমিক হত্যার ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত না হওয়ার কারণে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।

নিহত শ্রমিকদের পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে। এ ক্ষেত্রে নিহত শ্রমিকের আয়, পরিবারের নির্ভরশীল সদস্য, সন্তানদের শিক্ষা, চিকিৎসা ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক শ্রমমান অনুসরণ করে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। এ জন্য আইএলও কনভেনশন ১২১-এর মানদণ্ড অনুসরণের কথা উল্লেখ করা হয়।

শ্রমিক প্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান

মজুরি বোর্ডে শ্রমিক পক্ষের প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে জি-স্কপ। সংগঠনটির মতে, শ্রমিকদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা কেবল আনুষ্ঠানিক পদ নয়; এটি শ্রমিকদের আস্থা ও সংগ্রামের সঙ্গে সম্পর্কিত।

শ্রমিক প্রতিনিধিদের জীবনযাত্রার প্রকৃত ব্যয়, মজুরি বৈষম্য, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে। পাশাপাশি শ্রমিকদের সম্মিলিত প্রস্তাবের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া এবং মজুরি আলোচনার অগ্রগতি ও প্রস্তাবের যেকোনো পরিবর্তন সম্পর্কে শ্রমিকদের অবহিত রাখার আহ্বান জানানো হয়।

জি-স্কপের পাঁচ দফা দাবি

সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. শ্রমিক প্রতিনিধিদের দাখিল করা মজুরি প্রস্তাবকে যথাযথ গুরুত্ব দিয়ে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার বাস্তব তথ্যের ভিত্তিতে ন্যায্য মজুরি নির্ধারণ করতে হবে।

২. মজুরি আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিকদের ওপর সব ধরনের হামলা, ভয়ভীতি, হয়রানি, মিথ্যা মামলা, নির্বিচার গ্রেপ্তার ও দমন-পীড়ন বন্ধ করতে হবে।

৩. সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধের অভিযোগ নেই—এমন আটক শ্রমিক ও শ্রমিক নেতাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যদের ক্ষেত্রেও স্বচ্ছ তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

৪. নিহত দুই শ্রমিকের মৃত্যুর সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচার এবং আইএলও কনভেনশন ১২১-এর আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তাঁদের পরিবারের জন্য যথাযথ ও দীর্ঘমেয়াদি ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

৫. শ্রমিকদের মজুরি বৃদ্ধির অতিরিক্ত ব্যয় আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদের ক্রয়মূল্যের সঙ্গে সমন্বয় করতে হবে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে জি-স্কপ নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা গেলে তাঁদের জীবনমান উন্নত হওয়ার পাশাপাশি শিল্পে স্থিতিশীলতা ও উৎপাদনশীলতা বাড়বে। শ্রমিকদের ওপর দায় চাপিয়ে মালিকপক্ষ যেন দরকষাকষিতে বিশেষ সুবিধা নিতে না পারে, সে বিষয়ে শ্রমিকদের সচেতন থাকার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে উৎপাদন অব্যাহত রাখা এবং শিল্পের স্থিতিশীলতা বজায় রাখতে মালিকপক্ষকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com