বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে টানা আন্দোলন ও সড়ক অবরোধের পর গাজীপুরের শিল্পাঞ্চলে পরিস্থিতি শান্ত হয়ে এসেছে। আজ রোববার (২২ নভেম্বর) সকাল থেকেই জেলার অধিকাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন। তবে শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী মালিকপক্ষ এখন পর্যন্ত ৩২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে।​

এদিকে শ্রমিক অসন্তোষ কমে আসায় গাজীপুরের গুরুত্বপূর্ণ ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে।​

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, জেলার প্রায় সব কারখানাতেই উৎপাদন কাজ শুরু হয়েছে এবং শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজ করছেন। আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।​

তবে সকালে গাজীপুর মহানগরের ভোগড়া এলাকায় ‘এ আর রউফ স্টাইল কোর লিমিটেড’ নামের একটি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মূল ফটকের সামনে জড়ো হন শ্রমিকেরা। এ সময় শ্রমিকদের মধ্যে কিছুটা উত্তেজনা বিরাজ করলেও তারা মহাসড়কে নেমে যান চলাচলে বাধা দেননি। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন শেষে বেলা ১১টার দিকে তারা কারখানা এলাকা ত্যাগ করেন।​

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে।

পুলিশ সুপার আমজাদ হোসাইন আরও জানান, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশের পাশাপাশি মাঠে ১৩ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন এসআরবি এবং ১০ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com