ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি এবং অন্যান্য সব পদের নেতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস (আইটিইটি), বাংলাদেশ।আইটেটের সভাপতি ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এ. এস. এম. হাফিজুর রহমান নিক্সন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অভিনন্দন জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আইইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটি, কেন্দ্রীয় কাউন্সিল, বিভিন্ন প্রকৌশল বিভাগ, কেন্দ্র, উপ-কেন্দ্র, উইমেন্স ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টার এবং ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের নবনির্বাচিত প্রতিনিধিদের এই বিজয় প্রমাণ করে যে, সাধারণ প্রকৌশলীরা তাদের নেতৃত্ব, দূরদর্শিতা ও পেশাগত নিষ্ঠার প্রতি পূর্ণ আস্থা রেখেছেন।

আইটিইটি আশা প্রকাশ করে যে, নবনির্বাচিত এই নেতৃত্ব প্রকৌশলীদের পেশাগত ঐক্য সুদৃঢ় করতে, তাদের মর্যাদা রক্ষা করতে এবং প্রকৌশল শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে একযোগে কাজ করবে। এছাড়া দেশের শিল্পায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নেও তারা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিশ্বাস করে সংগঠনটি।

একটি সমমনা পেশাজীবী প্রতিষ্ঠান হিসেবে আগামী দিনে দেশের প্রকৌশল সমাজের স্বার্থ রক্ষা এবং প্রযুক্তি খাতের উন্নয়নে আইইবির সঙ্গে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেছে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com