টেকসই ও সবুজ শিল্পায়নের পথে আরেকটি বড় মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। নতুন করে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিবেশবান্ধব সনদ অর্জন করেছে। এর ফলে দেশে সবুজ বা পরিবেশবান্ধব কারখানার মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে, যা বিশ্বজুড়ে এ ধরনের সনদপ্রাপ্ত কারখানার তালিকায় বাংলাদেশের শীর্ষ অবস্থানকে আরও সুদৃঢ় করল।
যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) কর্তৃক প্রদত্ত ‘লিড’ (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) সনদের সর্বশেষ তালিকায় এই ১২টি প্রতিষ্ঠানের নাম যুক্ত হয়েছে। নতুন সনদপ্রাপ্ত কারখানাগুলোর মধ্যে ৯টি সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ‘লিড প্লাটিনাম’ এবং ৩টি ‘লিড গোল্ড’ স্বীকৃতি লাভ করেছে।
নতুন তালিকায় সবচেয়ে বড় চমক দেখিয়েছে ঢাকার ধামরাইয়ে অবস্থিত ‘আদজি ট্রিমস’। তৈরি পোশাক খাতের অ্যাকসেসরিজ ও প্যাকেজিং পণ্য উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি ৯৭ পয়েন্ট অর্জন করে লিড প্লাটিনাম সনদ পেয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহরিয়ার জানান, বিশ্বের সব পরিবেশবান্ধব অ্যাকসেসরিজ ও প্যাকেজিং কারখানার মধ্যে আদজি ট্রিমসের এই স্কোরই এখন পর্যন্ত সর্বোচ্চ। প্রায় ১ হাজার ৮০০ কর্মীর এই কারখানাটি বিশ্বের ৪২টি খ্যাতনামা ব্র্যান্ডের জন্য পণ্য তৈরি করে এবং গত অর্থবছরে তাদের রপ্তানি আয় ছিল ৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার।
আদজি ট্রিমস ছাড়াও লিড প্লাটিনাম সনদ অর্জনকারী অন্য ৮টি প্রতিষ্ঠান হলো—গাজীপুরের ডিঅ্যান্ডএস প্রিটি ফ্যাশনস, প্রবৃদ্ধি অ্যাপারেলস, এল ইউসিন ফ্যাশন ও এক্সপো অ্যাকসেসরিজ; নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং; সাভারের প্যাক্সার বাংলাদেশ এবং চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার ও কেডিএস অ্যাপারেলসের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট।
অন্যদিকে, লিড গোল্ড সনদ পেয়েছে নারায়ণগঞ্জের বর্ণালী কালেকশনস, চট্টগ্রামের বেস্টেক বিডি এবং টাঙ্গাইলের এক্সপোর্ট বিল্ডিং-২।
উল্লেখ্য, ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে কঠোর পরিবেশগত মানদণ্ড যাচাই-বাছাই শেষে এই সনদ প্রদান করে থাকে। সংস্থাটির সবশেষ তথ্যমতে, বাংলাদেশের ৩০২টি সবুজ কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড পর্যায়ের সনদপ্রাপ্ত। সংখ্যা ও মানের দিক থেকে বিশ্বের আর কোনো দেশে বাংলাদেশের সমসংখ্যক পরিবেশবান্ধব কারখানা নেই।


