দেশের তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ চাহিদা মোকাবিলা এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামে বিজিএমইএ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মধ্যে একটি যৌথ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ নভেম্বর বিজিএমইএ’র চট্টগ্রাম কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​অর্থ মন্ত্রণালয়, এডিবি এবং বিজিএমইএ’র যৌথ উদ্যোগে ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ (আইজিএনডি) কর্মসূচির আওতায় ‘স্কিলস ম্যাপিং স্টাডি’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। আগামী দিনের গার্মেন্টস শিল্প পরিচালনায় নতুন শ্রমিক ও মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের কোন কোন খাতে দক্ষতা বাড়ানো জরুরি, তা নির্ধারণ করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য।

​সভায় বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী সংগঠনের পক্ষ থেকে মূল প্রস্তাবনাগুলো তুলে ধরেন। এ সময় বিজিএমইএ পরিচালক এমডি. এম. মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর এবং এনামুল আজিজ চৌধুরী শিল্পের প্রয়োজনীয়তা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত দেন।​

অন্যদিকে, এডিবির সিনিয়র স্পেশালিস্ট (শিক্ষা-টিভিইটি ও দক্ষতা) নিকোলা মাগ্রি এবং কোরিয়া রিসার্চ ইনস্টিটিউট ফর ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের (ক্রিভেট) কো-টিম লিডার ড. ডং জিন পার্ক ভবিষ্যৎ শিল্পের চাহিদা নিরূপণে বিজিএমইএ নেতৃবৃন্দের কাছে সুনির্দিষ্ট পরামর্শ আহ্বান করেন।​

আলোচনায় নতুন শ্রমিকদের কারিগরি ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, মধ্যম সারির কর্মকর্তাদের ব্যবস্থাপনাগত দক্ষতা, আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা, কমপ্লায়েন্স এবং কর্মক্ষেত্রের নিরাপত্তার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।​অনুষ্ঠানে বিজিএমইএ’র সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন ও গাজী মো. শহীদ উল্লাহসহ বিভিন্ন স্থায়ী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় স্থায়ী কমিটির চেয়ারম্যান ওদুদ মোহাম্মদ চৌধুরী (এমডি, ফ্যাশন অব ওয়েলস লিমিটেড), বিজয় শেখর দাশ (এমডি, কে গার্মেন্টস লিমিটেড), নাকীম উদ্দিন নিশাদ (এমডি, বিএলপি ওয়ার্ম ফ্যাশন লিমিটেড) এবং মো. আব্দুর রহিম (এমডি, ক্লিয়ারটেক্স লিমিটেড) দক্ষতা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

​আয়োজকরা জানান, সভায় উঠে আসা সুপারিশগুলো এডিবির ‘স্কিলস ম্যাপিং স্টাডি’-তে যুক্ত করা হবে। পরবর্তীতে এডিবি এই প্রতিবেদন বাংলাদেশ সরকারের কাছে জমা দেবে, যা ২০২৭–২০৩১ মেয়াদের আইজিএনডি সমন্বিত কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হবে।​

সভার শেষে পোশাক খাতের টেকসই উন্নয়নের স্বার্থে বিজিএমইএ, এডিবি, সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পমালিকদের মধ্যে সমন্বয় বাড়িয়ে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com