দেশের টেক্সটাইল শিক্ষা, শিল্প এবং প্রশাসনিক ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও সংস্কারের লক্ষ্যে বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক (সচিব) ড. মোঃ আবদুস সবুর মহোদয়ের সঙ্গে এক ফলপ্রসূ বৈঠকে মিলিত হয়েছে দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)।
গত ২৩ আগস্ট অনুষ্ঠিত এই দ্বিপক্ষীয় আলোচনায় আইটিইটি-এর নবনির্বাচিত ১৫তম কাউন্সিলের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ এনায়েত হোসেন এবং মহাসচিব ইঞ্জিনিয়ার এএসএম হাফিজুর রহমান নিক্সনের নেতৃত্বে এক প্রতিনিধি দল অংশ নেন। বৈঠকে আইটিইটির সহসভাপতি ও বস্ত্র অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টেক্সটাইল কলেজের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
বৈঠকে টেক্সটাইল খাতের নানাবিধ সমস্যা সমাধান ও টেকসই অগ্রগতির লক্ষ্য নিয়ে একটি বিস্তারিত স্মারকলিপি হস্তান্তর করা হয়। আলোচনায় অধিদপ্তর ও আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দীর্ঘদিনের আটকে থাকা পদোন্নতি জটিলতা নিরসন গুরুত্ব পায়। বিশেষ করে ডিও (DO) থাকা সত্ত্বেও যেসব শিক্ষকের পদোন্নতি থমকে আছে, তাঁদের জটিলতা দ্রুত নিরসনে অবিলম্বে বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা আহ্বানের জোর তাগিদ দেওয়া হয়।
পাশাপাশি ১০টি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের (টিভিআই) ১১৮ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরি রাজস্বকরণ ও বেতন নিয়মিতকরণ সংক্রান্ত হাইকোর্টের রিভিউ আবেদনের আইনি অগ্রগতির বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
শিল্প ও শিক্ষার সুষ্ঠু সমন্বয় সাধনে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ, বুটেক্স ও বিইউএফটির পাশাপাশি জাতীয় নীতি নির্ধারণ ও টেক্সটাইল কারিকুলাম কমিটিতে আইটিইটির প্রতিনিধি অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের উচ্চতর প্রশিক্ষণের সুবিধার্থে চীনের দুটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নিয়ে কথা হয়।
টেক্সটাইল খাতের জনবলকে আরও দক্ষ করতে মিরপুর রূপনগরে নির্ধারিত ১ একর জমিতে একটি আধুনিক ট্রেনিং একাডেমি স্থাপন এবং টিভিআইগুলোর সঠিক সমন্বয়ের লক্ষ্যে একটি পৃথক ‘টেক্সটাইল এডুকেশন বোর্ড’ গঠনের প্রস্তাব তুলে ধরা হয়। একই সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন থাকা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের পৃথক নিয়োগবিধি সংশোধনের বিষয়টি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়।
আইটিইটি নেতৃত্বের এই সময়োপযোগী ও দূরদর্শী প্রস্তাবনার ভূয়সী প্রশংসা করে মহাপরিচালক ড. মোঃ আবদুস সবুর জানান, বস্ত্র খাতের যেকোনো নীতি নির্ধারণী প্রক্রিয়ায় আইটিইটিকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। একই সাথে বৈঠকে উপস্থাপিত বিষয়গুলোর দ্রুত বাস্তবায়নে তিনি উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। দক্ষ মানবসম্পদ ও আধুনিক বস্ত্র প্রশাসন গঠনে এই পেশাগত অংশীদারিত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আইটিইটি।

