নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গত ২০ আগস্ট জাফ একাডেমিতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ‘টেক্সটাইল ফুটসাল ৭.০’।
নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ টেক্সটাইল ক্লাবের উদ্যোগে আয়োজিত এই ফুটসাল টুর্নামেন্টে বিভাগের মোট ১২টি দল অংশগ্রহণ করে। পুরো টুর্নামেন্টজুড়ে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি, উচ্ছ্বাস ও সমর্থনে জাফ একাডেমি পরিণত হয় উৎসবমুখর এক ক্রীড়া প্রাঙ্গণে।
হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় ফেনোমেনাল ৪৭ ও ৪১ ডার্ক ফিনিক্স। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ফেনোমেনাল ৪৭ (৪৭তম ব্যাচ) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং ৪১ ডার্ক ফিনিক্স (৪১তম ব্যাচ) রানার্সআপ হয়।
টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার প্রদান করা হয়। সেরা গোলরক্ষক নির্বাচিত হন ওআচে হাসান (ফেনোমেনাল ৪৭), সেরা ডিফেন্ডার নির্বাচিত হন রাজু আহমেদ (ফেনোমেনাল ৪৭), সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হন আরিয়ান শাওরভ (৪১ ডার্ক ফিনিক্স) এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মুবিন খান (ফেনোমেনাল ৪৭)। এছাড়া উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হন তানজিম ইসলাম আনিক এবং টুর্নামেন্টের সেরা দল ‘আশরাফুল’ হিসেবে স্বীকৃতি পায় টেক্স অন ৪৩।
টুর্নামেন্টজুড়ে টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের হাতে পুরস্কার, পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান জি. এম. ফয়সাল, সমন্বয়ক রাসেল হাওলাদার ও নাজমুল ইসলাম। এছাড়াও মো. সোহাবেসহ বিভাগের অন্যান্য শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা ও ক্রীড়ামনস্কতা বৃদ্ধির লক্ষ্যেই আয়োজন করা হয় টেক্সটাইল ফুটসাল ৭.০। পুরো আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ টেক্সটাইল ক্লাব।
ক্লাবের সভাপতি তানভীর ইসলাম, সাধারণ সম্পাদক বিদ্যুৎ হোসাইন এবং ছাত্রবিষয়ক উপদেষ্টা মো. আহসানুল আজম মুন-এর নেতৃত্বে ক্লাবের সদস্যরা টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও আয়োজন সম্পন্ন করেন।
উচ্ছ্বাস, প্রতিদ্বন্দ্বিতা ও বন্ধুত্বের অসাধারণ সমন্বয়ে টেক্সটাইল ফুটসাল ৭.০ হয়ে ওঠে টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি স্মরণীয় ক্রীড়া আয়োজন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বের গুণাবলি ও দলগত চেতনা আরও শক্তিশালী হয়েছে।
প্রতিবেদক : মোঃ এহসানুল আজম মুন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

