বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (জিটিইসি) ষষ্ঠ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। নবীন শিক্ষার্থীদের বর্ণিল উপস্থিতিতে ক্যাম্পাসে সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম ব্যাচের হাত ধরে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল। প্রতিষ্ঠাকালে রাজস্ব খাতের মাত্র একজন কর্মকর্তা এবং সীমিত জনবল নিয়ে পথচলা শুরু হলেও সময়ের সঙ্গে সঙ্গে পাল্টে গেছে চিত্র। পাঁচটি ব্যাচের শিক্ষার্থী এবং শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে প্রতিষ্ঠানটি এখন প্রায় ৫৫০ সদস্যের এক বৃহৎ ও প্রাণবন্ত পরিবারে রূপ নিয়েছে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ স্মৃতিচারণ করে বলেন, এই পথচলা কেবল একটি প্রতিষ্ঠানের বড় হয়ে ওঠার গল্প নয়; এটি বহু মানুষের শ্রম, ভালোবাসা ও স্বপ্নের যৌথ ফসল। প্রথম ব্যাচের শিক্ষার্থীরা ইতোমধ্যে পড়ালেখা শেষ করে দেশের বিভিন্ন টেক্সটাইল ও শিল্পপ্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন, যা পুরো কলেজের জন্যই গর্বের।

নবীনদের উদ্দেশে অধ্যক্ষ বলেন, প্রতিটি নতুন ব্যাচ প্রতিষ্ঠানের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসে। শিক্ষার্থীরা যাতে মেধা, সততা, পরিশ্রম ও নৈতিকতার মাধ্যমে দেশের টেক্সটাইল খাতের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।

অনুষ্ঠানের শেষাংশে ষষ্ঠ ব্যাচের সকল শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ও সফল ভবিষ্যতের জন্য শুভকামনা ব্যক্ত করা হয়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com