যুক্তরাষ্ট্র ও স্পেনের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি বৃদ্ধি এবং নতুন সম্ভাবনা কাজে লাগাতে নবনিযুক্ত বাণিজ্যিক কাউন্সেলরদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
লস অ্যাঞ্জেলেস ও মাদ্রিদে দায়িত্বপ্রাপ্ত কাউন্সেলরদের নিয়ে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এই খাতভিত্তিক ব্রিফিংয়ের আয়োজন করে।
সভায় বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বিদেশি বাজারে বাংলাদেশি রপ্তানিকারকদের পাওনা বা পেমেন্ট-সংক্রান্ত জটিলতা দূর করতে বাণিজ্যিক কাউন্সেলরদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও স্পেনের বাজারে তৈরি পোশাকের নতুন নতুন বাণিজ্য সম্ভাবনা খুঁজে বের করার ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে বিকেএমইএর সহ-সভাপতি মোহাম্মদ রাশেদ পোশাক খাতের বর্তমান রপ্তানি চিত্র, বাজারের সম্ভাবনা এবং দেশ দুটিতে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করার কৌশল নিয়ে একটি বিস্তৃত তথ্যচিত্র তুলে ধরেন।
এ সময় অন্যান্যের মধ্যে বিকেএমইএর পরিচালক মো. জামাল উদ্দিন মিয়া এবং মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

