তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন নতুন করে নির্ধারণ করতে নিম্নতম মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অক্টোবর মাসের মধ্যেই এই বোর্ড গঠন করা হতে পারে বলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সম্প্রতি সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রমসচিব মো. আবদুর রহমান তরফদার এবং পোশাকশিল্প মালিকদের দুই শীর্ষ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ-এর সভাপতির মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই মজুরি বোর্ড পুনর্গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়।

শ্রমসচিব মো. আবদুর রহমান তরফদার জানান, মজুরি বোর্ড গঠনের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। মালিক ও শ্রমিকপক্ষ থেকে প্রতিনিধিদের নাম চাওয়া হবে। নাম পাওয়ার পরপরই প্রজ্ঞাপন জারি করে চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে বোর্ড গঠন করা হবে।

সম্প্রতি শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের মজুরি পুনর্বিন্যাসের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয় একই বছরের ডিসেম্বরে। সেই হিসাবে আগামী নভেম্বরে তিন বছর পূর্ণ হতে যাচ্ছে।

তবে নতুন আইন অনুযায়ী তিন বছর গণনা কি আইন পাসের সময় থেকে হবে, নাকি আগের মজুরি ঘোষণার সময় থেকে—তা নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কিছুটা মতপার্থক্য রয়েছে। শ্রমিক নেতাদের দাবি, এ বছরই নতুন মজুরিকাঠামো নির্ধারণ করতে হবে। অন্যদিকে মালিকপক্ষ মনে করছে, নতুন আইন পাসের পর থেকে তিন বছর গণনা করা উচিত।

এ বিষয়ে শ্রমসচিব জানান, কারিগরি কমিটির সভায় আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে। সেখানে সিদ্ধান্ত না হলে জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) কিংবা সরকারের উচ্চপর্যায়ে এটি চূলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা থেকে ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়েছিল। সে সময় বিদ্যমান সাতটি গ্রেড কমিয়ে পাঁচটি গ্রেডে নিয়ে আসা হয়।

নতুন মজুরি কাঠামোর উদ্যোগ প্রসঙ্গে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বর্তমান উচ্চ মূল্যস্ফীতির বাজারে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যেমন যুক্তিসঙ্গত, তেমনি কারখানাগুলোর সেই বাড়তি খরচ বহনের সক্ষমতা আছে কি না তাও দেখতে হবে। ইতিমধ্যে বিদ্যমান মজুরি দিতে না পেরে অনেক কারখানা বন্ধ হয়েছে, তাই হুট করে নতুন বোঝা চাপলে পোশাক খাত আরও সংকটে পড়তে পারে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com