উচ্চ মূল্যস্ফীতির কারণে বাড়তি জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা তৈরি পোশাকশ্রমিকদের জন্য বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় শ্রমিকেরা প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে তিন মাসের জন্য এ কর্মসূচি চালু করা হবে। আগামী ২০ নভেম্বর শুক্রবার থেকে কার্যক্রমটি শুরু হতে পারে। ঢাকা মহানগর, ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় এ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাছিমা আকতার বুধবার প্রথম আলোকে জানান, চলতি নভেম্বর মাসেই পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।

সম্ভাব্য শুরুর তারিখ ২০ নভেম্বর।এ কর্মসূচি বাস্তবায়নের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অতিরিক্ত বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

গতকাল বুধবার পাঠানো ওই চিঠিতে ওএমএস খাতে অতিরিক্ত ৪ হাজার ৫০০ টন চাল বরাদ্দ এবং ট্রাক পরিচালনা, পরিবহনসহ আনুষঙ্গিক ব্যয়ের জন্য বিশেষ অর্থ বরাদ্দের অনুরোধ জানানো হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, প্রতি শুক্রবার পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিনে ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হবে। প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ৩৭৫ টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাধারণত খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় নির্দিষ্ট কার্ডধারীরা কম দামে চাল পান। অন্যদিকে, কার্ড না থাকা নিম্ন আয়ের মানুষের জন্য ওএমএসের দোকান ও খোলা ট্রাকের মাধ্যমে চাল-আটা বিক্রির ব্যবস্থা রয়েছে।এদিকে, পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচি চালুর উদ্যোগ এমন সময়ে নেওয়া হয়েছে, যখন মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছে।

নতুন করে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে কাজ করছে নিম্নতম মজুরি বোর্ড। ইতিমধ্যে বোর্ডের দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ সোমবারের সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছেন।

তবে সরকারের এ উদ্যোগ নিয়ে আপত্তি জানিয়েছেন মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তাঁর মতে, পোশাক শ্রমিকদের জন্য এ ধরনের ব্যবস্থা সম্মানজনক নয় এবং এটি তাঁদের জীবনযাত্রার ব্যয় কমানোর কার্যকর সমাধান হতে পারে না।তিনি প্রথম আলোকে বলেন, সপ্তাহে ছয় দিন কাজ করার পর ছুটির দিনে চাল কেনার জন্য শ্রমিকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়াতে হবে।

এতে ৩০০ টাকা সাশ্রয় হলেও শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান হবে না। তাঁর পরামর্শ, ওএমএসের পরিবর্তে কারখানার গেট থেকেই শ্রমিকদের কাছে সাশ্রয়ী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা উচিত। শুধু চাল নয়, চাল, ডাল, তেল, লবণ ও চিনিসহ প্রয়োজনীয় সব পণ্য এ ব্যবস্থার আওতায় আনার দাবি জানান তিনি।

ম্যাপড ইন বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩ হাজার ৩২০টি তৈরি পোশাক কারখানা রয়েছে। এসব কারখানায় কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় ২৯ লাখ ৮৭ হাজার। তাঁদের মধ্যে ৫৭ শতাংশই নারী।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com