বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও কুটির শিল্পের আধুনিকায়ন, নকশা উদ্ভাবন এবং বাজারমুখী পণ্য উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ সমঝোতা স্মারকের মাধ্যমে ঐতিহ্যবাহী কারুশিল্প খাতে আধুনিক প্রযুক্তি, সমসাময়িক নকশা, মেধাস্বত্ব সুরক্ষা এবং বাজারের চাহিদাভিত্তিক পণ্য উন্নয়নে দুই প্রতিষ্ঠান যৌথভাবে কাজ করবে।
চুক্তির আওতায় বিসিকের নকশা কেন্দ্রগুলো আধুনিকায়নে যৌথ উদ্যোগ নেওয়া হবে। এর মধ্যে হালনাগাদ পাঠ্যক্রম প্রণয়ন, ফ্যাশন ও রঙের পূর্বাভাস এবং কম্পিউটার-নির্ভর নকশা প্রণয়ন সুবিধা চালুর বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি বিসিকের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রমে বিইউএফটির শিক্ষকরা প্রশিক্ষক ও বিশেষজ্ঞ হিসেবে সহযোগিতা করবেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিসিকের চেয়ারম্যান বেনজির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিইউএফটির ভারপ্রাপ্ত প্রো-ভাইস চ্যান্সেলর ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিসিকের পরিচালক (প্রশাসন) মুহাম্মদ কামরুজ্জামান এবং বিইউএফটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খান।
এ উদ্যোগের আওতায় ক্ষুদ্র ও কুটির শিল্প ক্লাস্টারগুলোর উৎপাদিত পণ্যের মেধাস্বত্ব সুরক্ষা ও বাণিজ্যিকীকরণেও সহযোগিতা করা হবে। বিইউএফটির বিশ্ব মেধাস্বত্ব সংস্থার প্রযুক্তি ও উদ্ভাবন সহায়তা কেন্দ্রের মাধ্যমে কারুশিল্পী ও উদ্যোক্তারা বিদ্যমান প্রযুক্তি ও নকশা অনুসন্ধান, শিল্প নকশা নিবন্ধন এবং ট্রেডমার্ক সুরক্ষার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা পাবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ অংশীদারিত্বের ফলে উদ্ভাবনী ও বাজার-উপযোগী কারুপণ্য তৈরি, কারুশিল্পী ও উদ্যোক্তাদের দক্ষতা ও জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশি-বিদেশি বাজারে বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের অবস্থান আরও শক্তিশালী হবে।
সমঝোতা স্মারকটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য কার্যকর থাকবে। পারস্পরিক সম্মতির ভিত্তিতে এর মেয়াদ বাড়ানো যাবে। এ কার্যক্রম বাস্তবায়ন, অগ্রাধিকার খাত নির্ধারণ এবং অগ্রগতি পর্যালোচনার জন্য উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ পরিচালনা কমিটি কাজ করবে।


