দ্রব্যমূল্যের উর্ধ্বগতির মুখে জীবনযাত্রার ব্যয় সামলাতে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হলে আগামী ১ ডিসেম্বর থেকে দেশজুড়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন পোশাক শ্রমিক নেতারা।

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে গাজীপুর চৌরাস্তার সাগর সৈকত কনভেনশন হলে ‘গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ’-এর উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও শ্রমিক সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়। এ দিন বিকেল থেকেই গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে শত শত শ্রমিক ব্যানার-ফেস্টুন ও মিছিল নিয়ে সমাবেশস্থলে জমায়েত হন।

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং লাগামহীন জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা জরুরি।

প্রধান আলোচকের বক্তব্যে পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল বলেন, “শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার জন্য ১ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো। এর মধ্যে বাস্তবায়ন না হলে সারাদেশে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।”

বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আহ্বায়ক মির্জা আল শামীম বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষা এবং যেকোনো নির্যাতনের প্রতিবাদে আমাদের সংগঠনগুলো এক হয়ে কাজ করছে। আমরা আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়েই শ্রমিকদের এই ন্যায্য দাবি আদায় করতে চাই।”

বিশ্বব্যাপী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ও ঐক্য পরিষদের সদস্য সচিব অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য শ্রমিক সংগঠনের শীর্ষ নেতারাও বক্তব্য দেন। এ সময় ফাতেমা খাতুন, মোহাম্মদ মোস্তফা, আমীর হামজা খান, এইচটিএম বিল্লাল, জান্নাত ফাতেমা ও আনিসুর রহমানসহ বিভিন্ন পোশাক শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিলে সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com