পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণে আগামী ২৩ নভেম্বর বৈঠকে বসবে নিম্নতম মজুরি বোর্ড। স্থগিত হওয়া বোর্ডের তৃতীয় এ সভায় নতুন বেতন কাঠামো নিয়ে মালিকপক্ষের প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।
এর আগে গতকাল ১৬ নভেম্বর বেলা ১১টায় শ্রম অধিদপ্তরে বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। তবে বোর্ডের এক সদস্য অসুস্থ হয়ে পড়ায় অনিবার্য কারণ দেখিয়ে সভাটি স্থগিত করা হয়। পরে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা দ্রুত নতুন তারিখ নির্ধারণের দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে ২৩ নভেম্বর সভার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন। ওই সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিতে না পারায় চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। ১৬ নভেম্বরের সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা থাকলেও বৈঠক স্থগিত হওয়ায় তা পিছিয়ে যায়।
বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ১ নভেম্বর নতুন করে নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। এর আগে ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হয়। এরপর শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেন।
সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছিল। ওই সময় মাসিক ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা করা হয়। এতে মজুরি বৃদ্ধির হার দাঁড়ায় ৫৬ দশমিক ২৫ শতাংশ। নতুন কাঠামো নির্ধারণের মাধ্যমে চলতি নভেম্বরে বর্তমান মজুরি কাঠামোর মেয়াদ শেষ হচ্ছে।


