উদ্ভাবন, উদ্যোক্তা দক্ষতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত ব্যবসায়িক সমাধানকে উৎসাহিত করার লক্ষ্যে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা এক্সপো ২০২৬ (৩.০)’।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ এক্সপোর উদ্বোধন করা হয়।বিইউএফটি বিজনেস ক্লাবের উদ্যোগে এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের (এফবিএস) সহযোগিতায় আয়োজিত এ এক্সপোটি ৭ ও ৮ অক্টোবর অনুষ্ঠিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য “এআই-এর মাধ্যমে পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়ন: উদ্যোক্তা, উদ্ভাবন এবং টেকসই ডিজিটাল রূপান্তর”।
এক্সপোর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের উদ্যোক্তা দক্ষতায় সমৃদ্ধ করা এবং উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে এআই ও উদীয়মান প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্পর্কে উৎসাহিত করা।
অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী, উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, অধ্যাপক ড. মোহাম্মদ কায়সারুল হক, অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান, এফবিএসের ডিন অধ্যাপক ড. শেখ আবদুর রহিমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তারা।
এছাড়াও অনুষ্ঠানে শিল্পখাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দারাজ এক্সপ্রেসের প্রধান এইচ এম আশিক আলাহী, রাজিব ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাজিব হোসেন, এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের সিএফও মোহাম্মদ মাইনুর রহমান ভূঁইয়া, ডাবর বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান, সাপ্লাই চেইন ও প্রকিউরমেন্ট নাহিদ আশিকুজ্জামান এবং কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা রাকিন আবসার।
জাতীয় উদ্যোক্তা এক্সপো শিক্ষার্থীদের শিল্পখাতের পেশাজীবীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, নতুন ব্যবসায়িক ধারণা অন্বেষণ এবং উদ্যোক্তা ও উদ্ভাবনের ক্ষেত্রে এআইয়ের ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের সুযোগ করে দিচ্ছে। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মসংস্থান ও ব্যবসায়িক উদ্যোগে প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্পর্কেও শিক্ষার্থীরা ধারণা লাভ করছে।শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্যোক্তা সক্ষমতা ও ডিজিটাল প্রস্তুতি আরও বিকশিত করতে বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এক্সপোটি বৃহস্পতিবার (৮ অক্টোবর) পর্যন্ত চলবে।


