দেশি-বিদেশি বিনিয়োগ সেবা এক ছাদের নিচে আনতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত করা হয়েছে।
তিন প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত নতুন রাষ্ট্রীয় সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’ আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করেছে।এ লক্ষ্যে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। ফলে প্রজ্ঞাপন জারির দিন থেকেই নতুন এই আইন ও কর্তৃপক্ষ কার্যকর হয়েছে।বিলুপ্ত বিডার সাবেক নির্বাহী সদস্য ও বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান রচি জানান, গেজেট প্রকাশের মাধ্যমে এখন থেকে সব কাজ ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে পরিচালিত হবে।
বিনিয়োগকারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই এই একক ফ্রন্ট ডেস্কেল উদ্যোগ নেওয়া হয়েছে। তবে নতুন কর্তৃপক্ষের পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো, বিভিন্ন শাখা ও টিম গঠনের প্রক্রিয়া ধাপে ধাপে সম্পন্ন করা হবে।
নতুন আইন অনুযায়ী, ‘ইনভেস্ট বাংলাদেশ’ একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে পরিচালিত হবে। এর প্রধান কার্যালয় ঢাকায় হলেও সরকারের অনুমোদন নিয়ে দেশ-বিদেশে শাখা কার্যালয় স্থাপন করা যাবে। একজন চেয়ারম্যান ও সাতজন সদস্যের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হবে, যেখানে চেয়ারম্যান প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
একীভূতকরণের ফলে বিলুপ্ত বিডা, বেজা ও পিপিপিএর সব সম্পদ, নথি, চুক্তি ও দায়-দেনা নতুন কর্তৃপক্ষের কাছে হস্তান্তরিত হবে এবং কর্মরত কর্মকর্তা-কর্মচারীরাও নতুন এই সংস্থার অধীনে কাজ করবেন।

