গাজীপুর মহানগরীর গাছা এলাকায় একটি পোশাক কারখানায় গর্ভবতী নারী কর্মীর মৃত্যুর যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় ওই নারী কর্মী নিজেই গাছা থানায় হাজির হয়ে বিষয়টি পরিষ্কার করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গাছা থানাধীন ডেগের চালা এলাকার ‘ফিন বাংলা অ্যাপারেলস’ কারখানায় এক অন্তঃসত্ত্বা নারী শ্রমিকের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। তবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-দক্ষিণ) এস এম শফিকুল ইসলাম জানান, ছড়িয়ে পড়া এই তথ্যটির কোনো সত্যতা নেই। বাস্তবে ওই কারখানায় এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
উপ-পুলিশ কমিশনার আরও জানান, বুধবার সন্ধ্যায় সংশ্লিষ্ট ওই নারী কর্মী সশরীরে গাছা থানায় উপস্থিত হয়ে নিজের সুস্থতার কথা জানান এবং প্রকৃত ঘটনার বর্ণনা দেন। গুজব ছড়ানোর এই ঘটনায় গাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।


