দেশি-বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশের বন্ধ ও অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানাগুলো পুনরায় চালু করার প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর অগ্রগতি বিষয়ক এক পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
উপ-প্রেস সচিব জানান, সভায় জানানো হয়েছে যে এসব বন্ধ কারখানায় বিনিয়োগের জন্য ইতিমধ্যেই অনেক বেসরকারি কোম্পানি আগ্রহ দেখিয়েছে। প্রতিষ্ঠানগুলো সেখানে কী ধরনের শিল্প গড়ে তোলার প্রস্তাব দিয়েছে, এখন সেগুলোর সম্ভাব্যতা ও কার্যকারিতা যাচাই করা হচ্ছে।বৈঠকে প্রধানমন্ত্রী পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সম্পন্ন করার ওপর বিশেষ জোর দেন।
একই সাথে কোনো ধরনের অপ্রয়োজনীয় সময়ক্ষেপণ না করে দ্রুততম সময়ের মধ্যে এই প্রক্রিয়াটি চূড়ান্ত করার নির্দেশ দেন তিনি।প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।
এছাড়াও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।


