EMMTEX SLN Textile Industry Advertisement Banner

পুলিশের নতুন পোশাকে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্টের সমন্বয় করা হয়েছে।

বুধবার সকালে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করা হয়। সেখানে নতুন পোশাকে হাজির হন পুলিশের শীর্ষ কর্মকর্তারা। ক্যাম্পটি উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। অনুষ্ঠানে আইজিপিকে গাঢ় নীল শার্ট ও খাকি প্যান্টে এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্ট ও খাকি প্যান্ট পরিহিত অবস্থায় দেখা যায়।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার নিয়াজ জানান, আজ থেকে পুলিশ সদস্যরা নতুন পোশাক পরা শুরু করেছেন। তবে সব সদস্য এখনো এই ইউনিফর্ম পাননি। পর্যায়ক্রমে সবাইকে এটি দেওয়া হবে। যারা ইতিমধ্যে পোশাক পেয়েছেন, তারা নতুন রূপেই দায়িত্ব পালন করছেন।

এর আগে, গত ১৮ জুন পুলিশের ইউনিফর্মে পরিবর্তন এনে নতুন প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর। আগের নিয়ম অনুযায়ী পুলিশের শার্টের রং ছিল লোহা-ধূসর এবং প্যান্ট ছিল কফি-বাদামি রঙের।

নতুন প্রজ্ঞাপনে শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট এবং নারী পুলিশ সদস্যদের পোশাক ও মাথার আবরণেও পরিবর্তন আনা হয়েছে। আগে লোহা-ধূসর রঙের সোয়েটার ব্যবহারের নিয়ম থাকলেও এখন নীল শার্টের ওপর গাঢ় নীল রঙের ফুলহাতা জার্সি বা কার্ডিগান পরতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, জেলা পুলিশসহ নির্দিষ্ট কিছু ইউনিট (এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব ছাড়া) খাকি রঙের ট্রাউজার এবং গাঢ় নীল রঙের শার্ট পরিধান করবে। আবহাওয়া বিবেচনায় গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার বিধান রাখা হয়েছে।

নারী পুলিশ সদস্যদের জন্য পোশাকে বিশেষ ছাড় ও বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে। নারী সদস্যরা চাইলে নির্ধারিত নিয়মে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে।

এছাড়া নারী পুলিশ সদস্যরা চাইলে অনুমোদিত গাঢ় নীল রঙের হিজাব বা মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছরই পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরার সুযোগ পাবেন। পাশাপাশি গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিট প্রধানের অনুমতি নিয়ে সাধারণ পোশাক পরে দায়িত্ব পালন করা যাবে।

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com