ঢাকায় টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনসের ২৫তম বাংলাদেশ এডিশন আয়োজনের ঘোষণা দিয়েছে সেমস গ্লোবাল ইউএসএ ও সেমস বাংলাদেশ। বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনটি বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিজনেস-টু-বিজনেস (বিটুবি) প্ল্যাটফর্ম হিসেবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের প্রস্তুতকারক, প্রযুক্তি সরবরাহকারী, ক্রেতা, সোর্সিং পেশাজীবী ও শিল্পসংশ্লিষ্টরা অংশ নেবেন।
আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর ঢাকার পূর্বাচলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফইসি) অনুষ্ঠিত হবে এবারের প্রদর্শনী।একই প্ল্যাটফর্মে তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এগুলো হলো— ২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো, ২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ এবং ৫৩তম ডাইকেম বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো।
আয়োজকরা বলছেন, প্রদর্শনীগুলোর মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের সঙ্গে আন্তর্জাতিক প্রযুক্তি ও পণ্য সরবরাহকারীদের ব্যবসায়িক যোগাযোগ আরও জোরদার হবে। একই সঙ্গে নতুন প্রযুক্তি, উৎপাদন উপকরণ ও টেক্সটাইল কেমিক্যাল সম্পর্কে ধারণা পাওয়ার পাশাপাশি শিল্পসংশ্লিষ্টদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ তৈরির ক্ষেত্র তৈরি হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদর্শনীতে অংশ নিতে আগ্রহী দর্শনার্থীরা অনলাইনে নিবন্ধন করে ভিজিটর ব্যাজ সংগ্রহ করতে পারবেন। এজন্য cems-textileseries.com ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যাবে।

