ঢাকাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে (ইপিজেড) কর্মরত শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি অঞ্চলভেদে ১৩ হাজার ৫৩০ থেকে ১৬ হাজার ৬০৫ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন বিনিয়োগকারীরা।
গত সপ্তাহে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী চেয়ারম্যানের কাছে এই প্রস্তাবনা জমা দেন বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি শাহদাৎ মোশাররফ খান।
প্রস্তাবনায় অঞ্চলভেদে জীবনযাত্রার ব্যয়ের ওপর ভিত্তি করে তিন স্তরের মজুরিকাঠামোর কথা বলা হয়েছে। এর মধ্যে, বড় শহর (ঢাকা ও চট্টগ্রামের ৩টি ইপিজেড) ১৬ হাজার ৬০৫ টাকা, মাঝারি শহর (কুমিল্লা ও নারায়ণগঞ্জে ৫ হাজার ২৫০ টাকা এবং গ্রামীণ ও কম ব্যয়ের এলাকায় ১৩ হাজার ৫৩০ টাকা করার প্রস্তাব দেন তারা।
নতুন এই কাঠামোতে মূল মজুরি এবং খাবার, চিকিৎসা ও যাতায়াত ভাতা অপরিবর্তিত রেখে এলাকাভেদে বাড়ি ভাড়ার হারে ভিন্নতা আনার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া ইপিজেডের ভেতরে ও বাইরের কারখানাগুলোর জন্য অভিন্ন মজুরিকাঠামো চালুর দাবি জানিয়েছে। একইসঙ্গে প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখতে শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির (ইনক্রিমেন্ট) হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করারও আবেদন জানিয়েছেন তারা।
প্রচলিত নিয়ম অনুযায়ী, দেশের তৈরি পোশাকশিল্পের নতুন মজুরি চূড়ান্ত হওয়ার পর বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইপিজেড শ্রমিকদের মজুরি নির্ধারণ করে বেপজা। বর্তমানে তৈরি পোশাক খাতের মজুরি পুনর্নির্ধারণে কাজ করছে ন্যূনতম মজুরি বোর্ড, যা চূড়ান্ত হলেই ইপিজেডের নতুন মজুরি কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হবে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ইপিজেড শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে মূল মজুরি ছিল ৬ হাজার ৯৫০ টাকা।


