সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানার অভ্যন্তরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের অভিযোগে দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকার ‘সিনটেক্স’ পোশাক কারখানা থেকে পুলিশ তাদের আটক করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— পঞ্চগড়ের বোদা উপজেলার নয়াপাড়া গ্রামের মো. রুবেল ইসলাম ও বগুড়ার নন্দীগ্রামের মো. শাহিন। তাদের মধ্যে রুবেল ইসলাম রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন। বর্তমানে দুজনেই উক্ত কারখানায় সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কারখানা প্রাঙ্গণে বাইরের লোক এনে শেখ হাসিনার জন্মদিনের বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারখানার দুই কর্মকর্তাসহ আরও বেশ কয়েকজন ওই আয়োজনে অংশ নেন। অনুষ্ঠান চলাকালে ধারণ করা একটি ভিডিও বিভিন্ন স্থানে শেয়ার করা হলে বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ কারখানায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার এসআই আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে এবং এই অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


