তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রস্তাবের পদ্ধতি ও তথ্যের ভিত্তি নিয়ে জোরালো আপত্তি জানিয়েছে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। সম্প্রতি সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে নিজেদের পর্যবেক্ষণ ও পাল্টা পরিসংখ্যান তুলে ধরেছে সংগঠনটি।

পদ্ধতি ও তথ্যগত ত্রুটির অভিযোগ চিঠিতে বিজিএমইএ উল্লেখ করেছে, শ্রমিকদের পরিবারের সদস্য এবং উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা নির্ধারণে গড়ের (অ্যাভারেজ) বদলে ‘মিডিয়ান’ (মধ্যক) পদ্ধতি ব্যবহার করায় বাস্তব চিত্র উঠে আসেনি। এ ছাড়া পুরো দেশের পোশাকশিল্পের মজুরি নির্ধারণে কেবল ঢাকা শহরের (ঢাকা-আরবান) দারিদ্র্যসীমাকে মানদণ্ড ধরা যৌক্তিক নয়। বিজিএমইএর হিসাব অনুযায়ী, দেশের মোট পোশাক রপ্তানির মাত্র ৯ শতাংশ আসে ঢাকা-আরবান এলাকার কারখানাগুলো থেকে।

দ্বৈত গণনার আশঙ্কা ও পূর্ববর্তী মজুরি মজুরি হিসাবের ক্ষেত্রে সিপিডির প্রস্তাবে খাদ্যবহির্ভূত ব্যয়ের সঙ্গে আলাদাভাবে আবাসন ব্যয় যুক্ত করায় ‘দ্বৈত গণনার’ (ডাবল কাউন্টিং) ঝুঁকি তৈরি হয়েছে বলে দাবি করেছে মালিকপক্ষ। পাশাপাশি ২০২৩ সালে ঘোষিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির পরবর্তী বার্ষিক ইনক্রিমেন্ট এবং ২০২৪ সালে দেওয়া ৯ শতাংশ বিশেষ ইনক্রিমেন্টের বিষয়টিও বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শিল্পের সংকট ও বৈশ্বিক তুলনা তৈরি পোশাক খাতের বর্তমান আর্থিক চ্যালেঞ্জ তুলে ধরে বিজিএমইএ জানিয়েছে:

  • ব্যয় বৃদ্ধি ও আয় হ্রাস: গত তিন বছরে কারখানার উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বাড়লেও বিপরীতে রপ্তানি মূল্য কমেছে ২ দশমিক ৬ শতাংশ।
  • আর্থিক চাপ: ব্যাংক ঋণের সুদহার বেড়ে ১২ থেকে ১৬ শতাংশে পৌঁছেছে এবং সরকারি রপ্তানি প্রণোদনাও কমেছে। এই সংকটে গত তিন বছরে ২৮৭টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে।
  • প্রতিযোগী দেশের চিত্র: ২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত ১০ বছরে বাংলাদেশে ন্যূনতম মজুরি বেড়েছে ১৩৬ শতাংশ। একই সময়ে প্রতিযোগী দেশ ভারত, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় মজুরি বেড়েছে যথাক্রমে ৫৯, ৫৪ ও ৫০ শতাংশ।

বিজিএমইএর আহ্বান মালিকপক্ষের মতে, নতুন মজুরি কাঠামো নির্ধারণে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের পাশাপাশি শিল্পের টিকে থাকার সক্ষমতা, আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা জরুরি। সার্বিক দিক বিবেচনায় নিয়ে সিপিডিকে তাদের প্রস্তাবের পদ্ধতি ও পরিসংখ্যান পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে বিজিএমইএ।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com