বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী ‘বুটেক্স-আইটিইটি ডাই কেম এক্সপো ২০২৬’। বিশ্ববিদ্যালয়ের ওয়েট প্রসেস ক্লাবের উদ্যোগে কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ প্রদর্শনী শুক্রবার (৯ অক্টোবর) সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

প্রদর্শনীটির মূল লক্ষ্য ছিল টেক্সটাইল শিল্পের সাথে বিশ্ববিদ্যালয়ের সংযোগ সুদৃঢ় করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সরাসরি শিল্পভিত্তিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা।

আধুনিক প্রযুক্তি ও শিক্ষার্থীদের উদ্ভাবন

মেলার দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ ছিল আধুনিক ডাইং শিল্পের বৈশ্বিক চ্যালেঞ্জ, মাননিয়ন্ত্রণ এবং উৎপাদন ব্যয় কমানোর উপায় শীর্ষক একটি প্যানেল আলোচনা। বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ মো. মামুন কবিরের পরিচালনায় দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন। এছাড়া শিক্ষার্থীরা টেক্সটাইল কেমিস্ট্রি, টেকসই প্রযুক্তি ও পরিবেশ সংরক্ষণের ওপর বিভিন্ন গবেষণা ও পোস্টার প্রদর্শন করেন।

সমাপনী অনুষ্ঠান ও অতিথিদের বক্তব্য

এক্সপোর সমাপনী অনুষ্ঠানে বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম, আইটিইটি বাংলাদেশের সভাপতি প্রকৌশলী এনায়েত হোসেন এবং মহাসচিব প্রকৌশলী এ এস এম হাফিজুর রহমান নিক্সন।

  • প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের কেমিক্যাল শিল্পের সাথে যোগাযোগের পথ সুগম করবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বাবলম্বী করার ক্ষেত্রে শিক্ষার্থীরা মূল ভূমিকা রাখবে।”
  • সংসদ সদস্য প্রকৌশলী মাহবুবা হাকিম পরিবেশবান্ধব শিল্পায়নের ওপর জোর দিয়ে বলেন, “শিল্পের নানা সমস্যা সমাধান এবং প্রযুক্তির নতুন উদ্ভাবনে বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানকে একসাথে কাজ করতে হবে।”
  • আইটিইটি নেতৃবৃন্দ আয়োজনের উচ্চ প্রশংসা করে জানান, বাংলাদেশে প্রথমবারের মতো কেবল ডাইং ও টেক্সটাইল কেমিক্যালের ওপর আয়োজিত এই আন্তর্জাতিক মানের এক্সপো শিক্ষার্থীদের শিল্প উপযোগী হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।
  • উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, “বিদেশ থেকে কেমিক্যাল আমদানির নির্ভরতা কমিয়ে দেশেই ‘কেমিক্যাল ভিলেজ’ গড়ে তোলা দরকার। এটি সম্ভব হলে প্রতি বছর কোটি কোটি ডলারের বৈদেশীক মুদ্রা সাশ্রয় হবে।”

শিক্ষার্থী ও শিল্প বিশেষজ্ঞদের বিপুল উপস্থিতিতে আয়োজিত এই এক্সপো টেক্সটাইল খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com