দেশে চলমান তীব্র গ্যাস সংকটে তৈরি পোশাক খাতের উৎপাদন ও রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাংক ঋণখেলাপি ঘোষণা না করার অনুরোধের পাশাপাশি অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ সরকারের কাছে ছয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। একই সঙ্গে সংকটকালীন সময়ে কারখানা পরিচালনায় সরকারের স্পষ্ট নির্দেশনা চেয়েছে সংগঠনটি।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিকেএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, গত এক মাস ধরে তীব্র গ্যাস সংকটের কারণে অনেক কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাস অনুযায়ী পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের ক্রয়াদেশ হাতছাড়া হয়ে যাচ্ছে। উৎপাদন বন্ধ থাকায় কারখানা মালিকেরা চরম আর্থিক সংকটে পড়ে শ্রমিকদের নিয়মিত বেতন-ভাতাও দিতে পারছেন না।

তিতাস গ্যাসের ৮ থেকে ১০ শতাংশ ‘সিস্টেম লস’ আদতে নিয়মিত গ্যাস চুরি উল্লেখ করে বিকেএমইএ সভাপতি বলেন, গ্যাস না পেয়ে উৎপাদন বন্ধ থাকায় পোশাক খাতের অনেক ব্যবসায়ী সময়মতো ব্যাংকের ঋণ শোধ করতে পারছেন না। তাই চলমান বাস্তবতায় কোনো উদ্যোক্তাকে যেন ‘ঋণখেলাপি’ হিসেবে অন্তর্ভুক্ত করা না হয়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সংবাদ সম্মেলনে শিল্প সুরক্ষায় বিকেএমইএর পক্ষ থেকে ৬টি দাবি তুলে ধরা হয়:

জুন ও জুলাই মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল আগামী ১২ মাসের কিস্তিতে পরিশোধের সুযোগ দেওয়া।

সংকট চলাকালে কোনো শিল্প প্রতিষ্ঠানের গ্যাস বিল পরিশোধে বিলম্ব হলে সংযোগ বিচ্ছিন্ন না করা।

চলমান গ্যাস সংকটের মধ্যে কারখানাগুলো কীভাবে চলবে, সে বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া।

গ্যাস পরিস্থিতি নিয়ে প্রতি সপ্তাহে সরকারের পক্ষ থেকে তথ্য প্রদান ও ব্রিফিং করা।

গণপরিবহন ছাড়া অন্য সব ব্যক্তিগত যানবাহনে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা।

বাসাবাড়িতে থাকা সব অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে কঠোর ব্যবস্থা নেওয়া।

সংবাদ সম্মেলনে বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান, বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান, সহসভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল ও আশিকুর রহমানসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com