রাজধানীর পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আগামী ২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী ‘২৫তম টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশন্স-২০২৬’।
আন্তর্জাতিক এই প্রদর্শনীর আয়োজন করছে সেমস-গ্লোবাল ইউএসএ। এতে ৩৭টি দেশের প্রায় ১ হাজার ৪৭৫টি প্রতিষ্ঠান ২ হাজার ২৪৫টি বুথ ও প্যাভিলিয়নে তাদের পণ্য ও প্রযুক্তি উপস্থাপন করবে।
আয়োজকদের প্রত্যাশা, চার দিনের এই আয়োজনে ১৬ হাজারের বেশি ব্যবসায়িক দর্শনার্থীর সমাগম ঘটবে। প্রদর্শনীটি আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেমস-গ্লোবাল জানায়, একই ছাদের নিচে মূলত তিনটি আন্তর্জাতিক মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এগুলো হলো— ‘২৫তম টেক্সটেক বাংলাদেশ ২০২৬’, ‘২৬তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬’ এবং ‘৫৩তম ডাই+কেম বাংলাদেশ ২০২৬’।
প্রদর্শনীর বিস্তারিত তথ্য তুলে ধরতে সম্প্রতি ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সেমস-গ্লোবাল। এতে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম, গ্রুপ সিইও এস এস সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় টেক্সটাইল ও পোশাক খাতের আধুনিক যন্ত্রপাতি, সুতা, ফেব্রিক, ট্রিমস, অ্যাকসেসরিজ, ডাইস্টাফ ও বিভিন্ন রাসায়নিক সামগ্রী প্রদর্শিত হবে। মূল প্রদর্শনীর পাশাপাশি চারটি প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
এবারের আয়োজনের নতুন সংযোজন ও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘ডিজিটাল ট্রান্সফরমেশন জোন’। এই জোনে ইআরপি, অটোমেশন, ক্লাউড সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), আইওটি এবং ডিজিটাল মেশিনারিজের মতো বিশ্বমানের প্রযুক্তি ও আধুনিক সমাধান তুলে ধরা হবে।

