তৈরি পোশাক শিল্পের কাঁচামাল ও আনুষঙ্গিক পণ্য সংগ্রহের সুযোগ বাড়াতে রাজধানীতে শুরু হয়েছে ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিকস অ্যান্ড অ্যাকসেসরিজ শো ২০২৬’। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) ২ ও ৩ নম্বর হলে চার দিনব্যাপী এই আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর উদ্বোধন করেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
আয়োজক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দেড় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে পোশাক তৈরির বৈচিত্র্যময় সুতা, উন্নত ফেব্রিক, আধুনিক গার্মেন্টস অ্যাকসেসরিজ ও টেক্সটাইল কেমিক্যাল প্রদর্শন করা হচ্ছে। মেলায় মিলছে নতুন ধরনের কালারড স্পান ইয়ার্ন, ব্লেন্ডেড ইয়ার্ন, নিটেড ও ওভেন ফ্যাশন ফেব্রিক, স্পোর্টস ফাংশনাল ফেব্রিক, হোম ও প্লাশ ফেব্রিক। পাশাপাশি রয়েছে এমব্রয়ডারি, হট স্ট্যাম্পিং, ফিল্ম ও ফ্লকিংসহ আকর্ষণীয় সব অ্যাকসেসরিজ সংগ্রহ।
আন্তর্জাতিক ও দেশীয় প্রতিষ্ঠানের এই সংযোগের ফলে নতুন প্রযুক্তি ও উদ্ভাবনী পণ্যের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন স্থানীয় পোশাক খাতের উদ্যোক্তারা। বিশেষ করে গার্মেন্টস প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউস, ফেব্রিক আমদানিকারক ও প্রসেসররা সরাসরি মূল সরবরাহকারীদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ তৈরি করতে পারছেন।
প্রদর্শনীতে আসা ব্যবসায়ীরা জানান, একই স্থানে দেশি-বিদেশি বিভিন্ন সরবরাহকারীর পণ্য যাচাই-বাছাইয়ের সুযোগ পাওয়ায় তাদের সময় ও খরচ দুটোই সাশ্রয় হচ্ছে। এতে কাঁচামাল আমদানির ক্ষেত্রে নতুন বিকল্প উৎস খুঁজে পাওয়া সহজ হচ্ছে।
উল্লেখ্য, চার দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলা চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন বিদেশি সরবরাহকারী ও দেশীয় উদ্যোক্তাদের সচ্ছল যোগাযোগ তৈরি করবে, যা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আন্তর্জাতিক বাজারে আরও বেশি প্রতিযোগিতামূলক করতে সহায়ক হবে।

