আইটিইটি নির্বাচনে এনায়েত–সুমায়েল–নিক্সন প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার সুমায়েল মুহাম্মদ মল্লিক তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি নিজের রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থান স্পষ্ট করেছেন।
শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন, “আমি এনায়েত–সুমায়েল–নিক্সন প্যানেলের একজন প্রতিশ্রুতিবদ্ধ সদস্য এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারস ফোরাম মনোনীত সিনিয়র সহসভাপতি প্রার্থী। আমি কখনো অন্য কোনো প্যানেলের প্রার্থী ছিলাম না, নই এবং হবও না।”
বিবৃতিতে তিনি তার দীর্ঘ সাংগঠনিক ও পেশাগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, ছাত্রজীবনে ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এছাড়া টেক্সটাইল কলেজে ছাত্রদল ও টেকসু’র নেতৃত্বে এবং টেক্সটাইল শিল্পের বিকাশে ভূমিকা রাখেন। বর্তমানে তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)-এর ঢাকা বিভাগের মনিটর এবং বিএনপির পেশাজীবী সংগঠন অ্যাবের সাবেক যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও জানান, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম ও অ্যাবের মনোনয়নে আইইবির ২০২৫-২৬ মেয়াদে সেন্ট্রাল কাউন্সিল মেম্বার পদে মনোনীত হন। এছাড়া আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের ২০১৩-১৪ মেয়াদে সেক্রেটারি নির্বাচিত হন। আইটিইটি’র দশম ও একাদশ কাউন্সিলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের মনোনয়নে নির্বাচনে অংশ নিয়ে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হন।
সুমায়েল মুহাম্মদ মল্লিক বলেন, “কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করে ভোটারদের মাঝে সন্দেহ তৈরির চেষ্টা করছে। আমি বিশ্বাস করি, নেতিবাচক প্রচারণা নয়; ইতিবাচক কাজ ও সুস্পষ্ট রোডম্যাপই সদস্যদের আস্থা অর্জনের পথ।”
তিনি আরও বলেন, “জি জি প্যানেল থেকে মনোনীত আমাদের ২৭ জন প্রার্থী প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল। এই পূর্ণ টিম নির্বাচিত হলেই আইটিইটি তার প্রকৃত লক্ষ্য, উদ্দেশ্য ও সম্ভাবনা বাস্তবায়নের পথে শক্তভাবে এগিয়ে যাবে।”
বিবৃতিতে তিনি আইটিইটি সদস্যদের যেকোনো তথ্য যাচাই করে বিশ্বাস করার আহ্বান জানান এবং প্রয়োজনে সরাসরি যোগাযোগ করার অনুরোধ করেন।
উল্লেখ্য, ঐক্যবদ্ধ পরিষদের দপ্তর সম্পাদক প্রার্থী তালহা জুবায়েরের একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সৃষ্টি হয়। তিনি বলেন “এমনও তো হতে পারে, নিক্সন-সুমায়েল ঐক্যবদ্ধ পরিষদের প্রার্থী”। তারই প্রেক্ষিতে এই বিবৃতি দেন ইঞ্জিনিয়ার সুমায়েল মুহাম্মদ মল্লিক।


