দ্রুততম সময়ে শিশু রামিসা হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।
আজ (২৪ মে) সকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে রামিসার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ দাবি জানান।এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি এবং পরিবারের সদস্যদের হাতে ১০ হাজার টাকার একটি চেক তুলে দেন।
মাহবুবা হাকিম বলেন, রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও অনেক নিষ্পাপ শিশু এমন নির্মম পরিণতির শিকার হতে পারে। তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
তিনি আরও বলেন, এমন হৃদয়বিদারক ঘটনা প্রতিরোধে সরকারের পাশাপাশি পরিবারকেও সচেতন হতে হবে। পারিবারিক শিক্ষা, ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধের ঘাটতির কারণেই সমাজে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটছে বলে মন্তব্য করেন তিনি।


