EMMTEX SLN Textile Industry Advertisement Banner

আইটিইটি নির্বাচনে এনায়েত–সুমায়েল–নিক্সন প্যানেল থেকে মহাসচিব পদপ্রার্থী হাফিজুর রহমান নিক্সন তার নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচারের প্রতিবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি নিজের রাজনৈতিক ও সাংগঠনিক অবস্থানও স্পষ্ট করেছেন।

শুক্রবার এক বিবৃতিতে নিক্সন বলেন, “আমি এনায়েত–সুমায়েল–নিক্সন প্যানেলের একজন প্রতিশ্রুতিবদ্ধ সদস্য এবং টেক্সটাইল ইঞ্জিনায়ার্স ফোরাম মনোনীত প্রার্থী। আমি কখনো অন্য কোনো প্যানেলের প্রার্থী ছিলাম না, নই এবং হবও না।”

বিবৃতিতে তিনি তার দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি জানান, ছাত্রজীবনে টেক্সটাইল কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া আইটিইটি’র ১২তম কাউন্সিলে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিয়ে যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছিলেন।

তিনি আরও বলেন, “ জি জি প্যানেলে আমার দায়িত্ব ও অবস্থান পূর্ব থেকেই নির্ধারিত ছিল। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি সৃষ্টি করে ভোটারদের মাঝে সন্দেহ তৈরির চেষ্টা করছে।

আমি বিশ্বাস করি, নেতিবাচক প্রচারণা নয়; ইতিবাচক কাজ, সুস্পষ্ট পরিকল্পনা এবং বাস্তবসম্মত রোডম্যাপের মাধ্যমেই সদস্যদের আস্থা অর্জন সম্ভব।”

আইটিইটি সদস্যদের উদ্দেশ্যে তিনি যেকোনো তথ্য যাচাই করে বিশ্বাস করার আহ্বান জানান। একইসঙ্গে প্রয়োজনে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করারও অনুরোধ করেন।সবশেষে নিক্সন বলেন, “আমি দৃঢ়ভাবে এনায়েত–সুমায়েল–নিক্সন প্যানেলের সাথেই আছি এবং সদস্যদের সমর্থন নিয়ে একটি কার্যকর, জবাবদিহিমূলক ও উন্নয়নমুখী নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করে যেতে চাই। এনায়েত–সুমায়েল–নিক্সন প্যানেল স্বচ্ছতা, জবাবদিহিতা, পরিকল্পিত উন্নয়ন এবং সম্মানজনক ও ইতিবাচক নির্বাচনী সংস্কৃতিতে বিশ্বাস করে।”

About The Author

সম্পাদক
ইঞ্জি: আতিকুর রহমান আতিক
Email: Contact@textilemirrorbd.com