বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সহজ করা এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে দুটি যৌথ টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে ভারতের শীর্ষ ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। বাংলাদেশের ব্যবসায়ীরা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে দ্রুতই একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছেন, যা টাস্কফোর্সের মূল রূপরেখা তৈরি করবে।
গত ১৮ আগস্ট রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে ঢাকা সফররত সিআইআই-এর উচ্চপর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে এফবিসিসিআইয়ের মধ্যাহ্নভোজ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এফবিসিসিআইয়ের প্রশাসক ও বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সিআইআইয়ের মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি।
সভায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। তিনি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক আস্থা বাড়ানো, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং ব্যবসা পরিচালনা সহজ করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে যৌথ উদ্যোগের আহ্বান জানান তিনি।
সভা শেষে জানানো হয়, প্রস্তাবিত দুটি টাস্কফোর্সের একটি কাজ করবে অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগ ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) উন্নয়ন নিয়ে। অপর টাস্কফোর্সটি সেমিকন্ডাক্টর, গ্রিন হাইড্রোজেন, ব্যাটারি স্টোরেজ ও ডেটা সেন্টারের মতো ভবিষ্যৎমুখী ও আধুনিক শিল্পে বিনিয়োগের সম্ভাবনা তৈরিতে কাজ করবে।
বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা বিজনেস টু বিজনেস (বিটুবি) সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন। সভায় অন্যান্যদের মধ্যে আইসিসিবি, বিজিএমইএ, বিকেএমইএ, ডিসিসিআই, বিসিআই ও বিপিজিএমইএসহ দেশের বিভিন্ন শীর্ষ চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

