দেশের তৈরি পোশাক (আরএমজি) শিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, কারখানা বন্ধ এবং সড়ক অবরোধের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।
সংগঠনটি জানিয়েছে, এই অস্থিরতার কারণে ইতিমধ্যেই ৩ হাজার থেকে ৪ হাজার কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং আন্তর্জাতিক ক্রেতাদের (বায়ার) আস্থা হারিয়ে বড় ধরনের ক্রয়াদেশ (অর্ডার) বাতিলের ঝুঁকিতে পড়েছে দেশের প্রধান এই রপ্তানি খাত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবিএ-এর পরিচালনা পর্ষদের পক্ষে এসব তথ্য তুলে ধরেন সংগঠনটির সহ-সভাপতি (প্রশাসন) মো. রোমান মিয়া। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাভার, আশুলিয়া, মিরপুর ও গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে চলমান অস্থিরতার কারণে কারখানার উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
আন্তর্জাতিক ক্রেতা ও দেশীয় পোশাক প্রস্তুতকারকদের মধ্যে প্রধান সেতুবন্ধন হিসেবে কাজ করা বায়িং হাউজগুলো এই পরিস্থিতিতে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান অনিশ্চয়তার কারণে বিদেশি ক্রেতারা অর্ডারের পরিমাণ কমিয়ে দেওয়া, চলমান অর্ডার বাতিল করা এবং ভবিষ্যতে নতুন ব্যবসা না দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারেন বলে শঙ্কা তৈরি হয়েছে।
বিজিবিএ আরও জানায়, উৎপাদন কার্যক্রম এভাবে ব্যাহত হতে থাকলে দৈনিক অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২ হাজার থেকে ২ হাজার ২০০ কোটি টাকায় পৌঁছাতে পারে। অস্থিরতা দীর্ঘায়িত হলে শুধু পোশাক খাত নয়, বরং দেশের সামগ্রিক রপ্তানি, পরিবহন, ব্যাংকিং ও লজিস্টিকসসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতও চরম সংকটে পড়বে।
সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষকে ধৈর্য ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সংগঠনটি বলেছে, শ্রমিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি কারখানার উৎপাদন সচল রাখা এবং বিদেশি ক্রেতাদের আস্থা ধরে রাখাও সমান জরুরি। গঠনমূলক সংলাপ ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে এই পরিস্থিতির একটি টেকসই ও গ্রহণযোগ্য সমাধানের জন্য সরকারের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেছে বিজিবিএ।
সংগঠনটির নেতারা মনে করেন, দেশের পোশাক শিল্পকে রক্ষা করার অর্থ হলো লাখ লাখ মানুষের জীবিকা, বায়িং হাউজগুলোর ভবিষ্যৎ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতিকে সুরক্ষিত রাখা।


