শিক্ষার্থীরাশিল্পকারখানার বাস্তব কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন, প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি এবং তাত্ত্বিক শিক্ষার সঙ্গে ব্যবহারিক জ্ঞানের সমন্বয় ঘটানোর লক্ষ্যে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বস্ত্র প্রকৌশলে স্নাতক (বিএসসি) শিক্ষাক্রমের চতুর্থ ব্যাচের শিক্ষার্থীরা।
এই পরিদর্শনে কলেজের পোশাক প্রকৌশল এবং বস্ত্রের ভেজা প্রক্রিয়াকরণ প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব শিল্পক্ষেত্রের পরিচয় ঘটানো এবং আধুনিক শিল্পকারখানার উৎপাদন প্রক্রিয়া, ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করা।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা শিল্পকারখানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানার পাশাপাশি উৎপাদন প্রক্রিয়া, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার, উৎপাদন পরিকল্পনা ও নিয়ন্ত্রণ, গুণগত মান নিয়ন্ত্রণ, শিল্প ব্যবস্থাপনা এবং কর্মক্ষেত্রের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে ধারণা লাভের সুযোগ পান। বিশেষ করে পোশাক উৎপাদন ও বস্ত্রের ভেজা প্রক্রিয়াকরণসংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জনের মাধ্যমে তাঁদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পরিধি আরও সমৃদ্ধ হয়।
এ ধরনের শিল্পকারখানা পরিদর্শন একজন ভবিষ্যৎ বস্ত্র প্রকৌশলীর পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিল্পপ্রতিষ্ঠানের বাস্তব কর্মপরিবেশ, উৎপাদন ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং শিল্পক্ষেত্রের কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারেন। পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি গ্রহণ এবং শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রেও এ ধরনের উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করে।
শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতার মধ্যে সেতুবন্ধন তৈরিতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটানোর পাশাপাশি ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভের সুযোগ পান।
এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে এবং শিক্ষার্থীরা দক্ষ, যোগ্য ও শিল্পক্ষেত্রের উপযোগী বস্ত্র প্রকৌশলী হিসেবে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।শিক্ষা হোক বাস্তবমুখী, অভিজ্ঞতায় সমৃদ্ধ হোক আগামীর বস্ত্র প্রকৌশলী।


