পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩১তম ব্যাচের শিক্ষার্থীরা সম্প্রতি চট্টগ্রামভিত্তিক তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্লিফটন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কিথ ফ্যাশন লিমিটেড পরিদর্শন করেছেন। এই ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি পোশাক কারখানার বিভিন্ন উৎপাদন ব্যবস্থা ও পরিচালনা পদ্ধতি পর্যবেক্ষণের সুযোগ পান।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা টেক্সটাইল শিল্পের উৎপাদন প্রক্রিয়া, শিল্প ব্যবস্থাপনা, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, মান নিয়ন্ত্রণ (কোয়ালিটি কন্ট্রোল) এবং কমপ্লায়েন্স সংক্রান্ত ব্যবহারিক কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন।
এই বিশেষ শিক্ষা সফরে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম, সহকারী অধ্যাপক মো. জুবায়ের বিন সাঈদ এবং প্রভাষক কাজী সিফাত মুনতাসির।
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ বলেন, “শিক্ষার্থীদের দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে শ্রেণিকক্ষের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিল্পকারখানার বাস্তব অভিজ্ঞতা অত্যন্ত জরুরি। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনের ভিত্তি মজবুত করতে সাহায্য করবে।”
বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, “শ্রেণিকক্ষে শেখা তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে শিল্পক্ষেত্রের বাস্তব কার্যক্রমের সমন্বয় ঘটাতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে।”
পরিদর্শনের শুরুতে কিথ ফ্যাশন লিমিটেডের পক্ষ থেকে এক পরিচিতি সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার শাহরিয়ার মোহাম্মদ দুলাল এবং ক্লিফটন গ্রুপের অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার মুজাহিদুল ইসলাম। তাঁরা শিক্ষার্থীদের সামনে কারখানার কর্মপরিবেশ, দৈনন্দিন পরিচালনা ও ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন।
সফলভাবে কারখানা পরিদর্শন শেষে শিক্ষার্থীরা উচ্ছ্বাস ও সন্তোষ প্রকাশ করেন। শ্রেণিকক্ষের বাইরের এই বাস্তব অভিজ্ঞতা তাঁদের পেশাগত প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে দেবে বলে মনে করেন তারা। একই সঙ্গে এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য ক্লিফটন গ্রুপ ও কিথ ফ্যাশন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।


