বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের শিক্ষার্থীদের পুনঃভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি ও বেসরকারি সব টেক্সটাইল প্রতিষ্ঠানের জন্য সম্প্রতি এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করেছে বোর্ড।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১০ ও ২০২২ প্রবিধানের আওতাভুক্ত যেসব শিক্ষার্থী পুনরায় ভর্তি হতে চান, তাদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।
প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানগুলো আগামী ২৯ অক্টোবরের মধ্যে বোর্ডের নির্ধারিত অনলাইন পোর্টালে তথ্য আপডেট করবে।
পরবর্তী ধাপে ১ নভেম্বর থেকে ১২ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র এবং সোনালী ব্যাংকের মাধ্যমে করা পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের কপি কারিগরি শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।
ফি ও প্রয়োজনীয় কাগজপত্রপুনঃভর্তির ফি হিসেবে শিক্ষার্থীপ্রতি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এই ফি একটি মাত্র ব্যাংক ড্রাফটের মাধ্যমে ‘সচিব, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড’-এর অনুকূলে জমা দিতে হবে।
আবেদনের সঙ্গে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড, সর্বশেষ পর্বের পরীক্ষার প্রবেশপত্র, নম্বরপত্র ও ফলাফলের সত্যায়িত ফটোকপি যুক্ত করা বাধ্যতামূলক। মূল প্রবিধান অনুযায়ী কোনো শিক্ষার্থী পুনঃভর্তির যোগ্য না হলে, অনলাইনে আবেদন পাঠানো হলেও তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।


