তৈরি পোশাক শিল্পে সার্বিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চলমান অসন্তোষ নিরসনে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন মজুরি বোর্ডের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধ করতে কারখানা মালিকদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল অডিটোরিয়ামে আয়োজিত ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, একটি বিশেষ গোষ্ঠী মজুরি বোর্ডকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার অপচেষ্টা করছে। প্রকৃত শ্রমিক না হয়েও কিছু ব্যক্তি শ্রমিক নেতা সেজে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তে লিপ্ত। তবে এ বিষয়ে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সতর্ক রয়েছেন।

তিনি জানান, মালিক ও শ্রমিক—উভয় পক্ষের প্রতিনিধির তালিকা ইতোমধ্যে সরকারের কাছে পৌঁছেছে। আগামী সাত দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে গেজেট প্রকাশ করা হবে।

শিল্পাঞ্চলে যেকোনো সংকট দ্রুত নিরসনে একটি সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসন, পুলিশ, বিজিএমইএ, বিকেএমইএ, স্থানীয় সংসদ সদস্য এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এই সেল কাজ করবে। শিল্প এলাকায় অহেতুক বিশৃঙ্খলা না করে এই সেলে তথ্য দিয়ে সমস্যা সমাধানের আহ্বান জানান মন্ত্রী।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং শ্রম সচিব মো. আব্দুর রহমান তরফদারের পরিচালনায় অনুষ্ঠিত ওই সভায় স্থানীয় সংসদ সদস্যগণ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তৈরি পোশাক খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে একই দিনে দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত এই মন্ত্রী আনসার সদস্যদের কারিগরি দক্ষতা বাড়াতে গাজীপুরের তিনটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন ও উদ্বোধন করেন। এ সময় বিদেশে দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ বাড়াতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com