প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ১ লাখ স্কুল ড্রেস দিল বিটিএমএদেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এক লাখ সেট স্কুল ড্রেস উপহার দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে এবং সরকারি উদ্যোগকে সহায়তা করতে এ পদক্ষেপ নিয়েছে সংগঠনটি।

সোমবার (১০ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের হাতে আনুষ্ঠানিকভাবে ড্রেসের একটি অংশ তুলে দেন বিটিএমএর প্রতিনিধিরা। পরবর্তীতে অবশিষ্ট পোশাকগুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

শিক্ষা খাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব

ড্রেস হস্তান্তর অনুষ্ঠানে বিটিএমএর প্রতিনিধি দল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। সরকারি উদ্যোগে টেক্সটাইল খাতকে এভাবে সম্পৃক্ত করার পদক্ষেপকে উভয় পক্ষই ইতিবাচক হিসেবে দেখছে।

সরকারের পক্ষ থেকে উপস্থিত অতিথিরা বিটিএমএর এই উদ্যোগকে স্বাগত জানান এবং কোমলমতি শিক্ষার্থীদের কল্যাণে এগিয়ে আসার জন্য সংগঠনটিকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিটিএমএর সহ-সভাপতি মো. শামীম ইসলাম ও মো. শফিকুল ইসলাম সরকারসহ সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বিটিএমএ প্রতিনিধিরা জানান, দেশের শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনীতিতে অবদান রাখার পাশাপাশি তারা সবসময় জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছে। ভবিষ্যতেও শিক্ষা ও সামাজিক উন্নয়নে এই সহযোগিতা অব্যাহত থাকবে।

এ ধরনের অংশীদারত্ব সরকারি ও বেসরকারি খাতের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং অন্যান্য শিল্প খাতকেও সামাজিক দায়বদ্ধতামূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারও উপস্থিত ছিলেন।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com