দেশের টেক্সটাইল ও শিল্পখাতে চলমান তীব্র গ্যাস সংকট, নিম্ন গ্যাসের চাপ এবং এর ফলে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয় নিয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে মতবিনিময় করেছে ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) বাংলাদেশের একটি প্রতিনিধিদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় আইটিইটি বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদল দেশের বিভিন্ন টেক্সটাইল ও শিল্পকারখানায় বিদ্যমান গ্যাস সংকটের বাস্তব চিত্র তুলে ধরে।
সভায় প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় দেশের বিভিন্ন শিল্পকারখানায় উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি শিল্পপ্রতিষ্ঠানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছে। দীর্ঘস্থায়ী গ্যাস সংকট অব্যাহত থাকলে অনেক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে।
এ অবস্থায় টেক্সটাইলসহ শিল্পখাতে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় মাত্রায় গ্যাসের চাপ নিশ্চিত করতে কার্যকর ও জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি জানায় আইটিইটি প্রতিনিধিদল।
সভায় আরও বলা হয়, টেক্সটাইল ও সংশ্লিষ্ট শিল্পকারখানাগুলো দীর্ঘদিন গ্যাস সংকটে ভুগলে এর প্রভাব শুধু উৎপাদন ও রপ্তানিতে সীমাবদ্ধ থাকবে না। কর্মসংস্থান, শ্রমিকদের জীবিকা, বিনিয়োগ, বৈদেশিক মুদ্রা অর্জন এবং সামগ্রিক শিল্প অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে। একের পর এক শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এর সামাজিক ও অর্থনৈতিক অভিঘাতও গুরুতর হতে পারে।
মতবিনিময় সভায় আইটিইটির সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার সুমায়েল মোহাম্মদ মল্লিক, সাবেক মহাসচিব ইঞ্জিনিয়ার এ কে এম মহসিন আহমেদ, সহসভাপতি ইঞ্জিনিয়ার মিয়া মো. মাইনুল ইসলাম পলাশ, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান (আনিস), সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মইদুল ইসলাম (মঈদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার চন্দ্র শেখর দাস, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আরফান আলী প্রামাণিক, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুকুল ইসলাম জনি, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার শরিফুল আমিন, নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মো. সাইদুর রহমান (রবিন) এবং ইঞ্জিনিয়ার রাসেল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আইটিইটির পক্ষ থেকে দেশের শিল্প ও অর্থনীতির স্বার্থে শিল্পখাতে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দ্রুত গ্যাসের চাপ বৃদ্ধির জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের জরুরি ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করা হয়।তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক আইটিইটি প্রতিনিধিদলের বক্তব্য গুরুত্বের সঙ্গে শোনেন এবং বিদ্যমান পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আশ্বাস দেন।


