জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টি দিয়ে আমদানির বিধান নিয়ে একটি স্পষ্টীকরণ আদেশ জারি করেছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশিত এই আদেশে জানানো হয়, পূর্বের দুটি আদেশে উল্লেখিত ১০-৩০ কাউন্টের কটন সুতা বলতে মূলত ১০-৩০ সিঙ্গেল কাউন্টের কটন সুতাকেই বোঝানো হয়েছে।
এনবিআরের কাস্টমস (রপ্তানি ও বন্ড) শাখার দ্বিতীয় সচিব কাজী রায়হানুজ্জামানের স্বাক্ষরে আদেশটি জারি করা হয়। এতে বলা হয়, স্থানীয় শিল্পের সুরক্ষায় এবং প্রকৃত রপ্তানিকারকদের কাঁচামাল প্রাপ্তি সহজ করতে গত ৭ সেপ্টেম্বর ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিল করা হয়।
পাশাপাশি ওয়্যারহাউজ লাইসেন্সধারী প্রকৃত রপ্তানিকারকদের জন্য ব্যাংক গ্যারান্টি দিয়ে এই সুতা আমদানির সুযোগ রাখা হয়। পরবর্তীতে গত ৮ অক্টোবর ওই আদেশে সংশোধনী আনা হয়েছিল।
টেক্সটাইল খাতের বর্তমান সমস্যাগুলো পর্যালোচনা ও সমাধানের লক্ষ্যে গঠিত আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রথম সভার সিদ্ধান্ত অনুযায়ী এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কাস্টমস আইন, ২০২৩-এর ২৬৬ ধারার ক্ষমতাবলে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হয়েছে।


