আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এসেছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে সংগঠনটি বিশ্ববিদ্যালয়কে ১ লাখ টাকা অনুদান প্রদান করেছে।
গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজ (BoT)-এর চেয়ারম্যান জনাব মো. মেসবাহ উদ্দিন আলীর কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এই অনুদানের মূল উদ্দেশ্য হলো আর্থিক সীমাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যেন কোনো ধরনের বাধা সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতে সহযোগিতা করা।
এর মাধ্যমে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীরা প্রয়োজনীয় সহায়তা পেয়ে তাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারবে। চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের কল্যাণে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের পারস্পরিক সহযোগিতা ও দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।


