টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে বাস্তব ধারণা ও সঠিক দিকনির্দেশনা দিতে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্যারিয়ার বিষয়ক বিশেষ সেমিনার।
‘ডিগ্রির গণ্ডি পেরিয়ে: টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে সফল ক্যারিয়ার’ শীর্ষক এ সেমিনার আগামী ৩১ আগস্ট ২০২৬, সকাল ১১টায় নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মাসকো গ্রুপের বিপণন ও মার্চেন্ডাইজিং বিভাগের মহাব্যবস্থাপক শেখ মামুন ফেরদৌস। তিনি টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনাময় ক্যারিয়ার ক্ষেত্র, ক্যারিয়ার নির্বাচনের কৌশল, পেশাগত দক্ষতা এবং নেতৃত্বের বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন।
আয়োজকরা জানান, শুধু একাডেমিক ডিগ্রি অর্জন করলেই কর্মজীবনে সফলতা নিশ্চিত হয় না। শিল্পখাতের চাহিদা সম্পর্কে ধারণা, প্রয়োজনীয় দক্ষতা অর্জন, সঠিক ক্যারিয়ার পরিকল্পনা এবং নেতৃত্বের সক্ষমতা একজন শিক্ষার্থীকে সফল পেশাজীবী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব বিষয়ে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ধারণা দিতেই এ সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেমিনারে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ থাকবে।

