গাজীপুরের কোনাবাড়ীর জরণ বাজার এলাকায় অবস্থিত পোশাক কারখানা ‘ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২)’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের ধারাবাহিক কর্মবিরতি ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা মোতাবেক আজ বুধবার (১ জুলাই, ২০২৬) থেকে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়।
গত ৩০ জুন কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে জারি করা এক নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।কারখানা কর্তৃপক্ষের নোটিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে শ্রমিকরা কারখানায় বেআইনি ধর্মঘট ডেকে কাজ বন্ধ করে দেন এবং কারখানায় বিশৃঙ্খল ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে চলে যান। পরদিন ২৯ জুন সোমবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করলেও কাজে যোগদান না করে পুনরায় মেইন গেটে অবস্থান নেন। কর্তৃপক্ষ তাদের কাজে যোগদানের অনুরোধ জানালেও তারা কাজ না করে কারখানা ত্যাগ করেন।
সর্বশেষ ৩০ জুন মঙ্গলবার সকালেও শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা নিশ্চিত করে কাজ না করে বসে থাকেন। কর্তৃপক্ষের বারবার অনুরোধের পর তারা লাঞ্চের পর কাজ শুরু করলেও কিছু সময় পরই আবার কাজ বন্ধ করে দেন। নোটিশে শ্রমিকদের এরূপ আচরণকে অবৈধ ধর্মঘটের শামিল বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।উদ্ভূত পরিস্থিতিতে কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে ১ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) বন্ধের ঘোষণা দেয়। নোটিশে আরও বলা হয়েছে, পরবর্তীতে কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে পুনরায় খোলার তারিখ নোটিশের মাধ্যমে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হবে।
এই নোটিশের অনুলিপি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, শিল্প পুলিশ-২ (গাজীপুর জোন), কোনাবাড়ী থানা এবং বিজিএমইএ-সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে পাঠানো হয়েছে।


