নিটার ইসলামিক সোসাইটি (এনআইএস) আয়োজিত মুহাররম উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘নাফাহাতুল মুহাররম’ সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে পবিত্র মুহাররম মাসের ঐতিহাসিক গুরুত্ব, আশুরার তাৎপর্য, প্রচলিত ভ্রান্ত বিশ্বাস, আশুরার রোজার ফজিলত এবং একজন মুসলিমের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এতে প্রথম থেকে চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ ছিল অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানের আলোচনা পর্বের পাশাপাশি কারবালা বিষয়ক কুইজ অনুষ্ঠিত হয়। এছাড়া পূর্বঘোষিত কুইজ ও প্রবন্ধ রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপস্থিত দর্শকদের জন্য ছিল হৃদয়ছোঁয়া নাশীদ পরিবেশনা। সবশেষে নিটার মসজিদের সম্মানিত মুয়াজ্জিন মাওলানা ওয়ালিদ হোসেন-এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক বুরহান উদ্দিন বান্না, সহযোগী অধ্যাপক মো. বিল্লাল হোসেন, প্রভাষক আবিদুর রহমান নিবিড়, শিল্প ও উৎপাদন প্রকৌশল (আইপিই) বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার, নিটার মসজিদের সম্মানিত খতিব মুফতি আনিসুর রহমান, সম্মানিত মুয়াজ্জিন মাওলানা ওয়ালিদ হোসেন, এবং নিটার ইসলামিক সোসাইটির পরিচালনা পর্ষদের সদস্য-সচিব মো. ওমর রায়হান ও সদস্য আব্দুল হালিম।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক, মূল্যবোধনির্ভর ও ইসলামী চেতনা বিকাশে সহায়ক আয়োজন নিয়মিতভাবে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।


