জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী শনিবার (৭ নভেম্বর) দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ থাকবে। সরকারি সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে সদস্য কারখানাগুলোতে ছুটি ঘোষণার অনুরোধ জানিয়েছে পোশাক খাতের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর পক্ষ থেকে সদস্য কারখানাগুলোর কাছে পাঠানো এক নোটিশে এই অনুরোধ জানানো হয়।
নোটিশে বলা হয়, গত ৫ অক্টোবরের মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে। সেই সিদ্ধান্তের আলোকে আগামী শনিবার বিজিএমইএর আওতাভুক্ত সব কারখানায় ছুটি নিশ্চিত করতে নোটিশে মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে নোটিশের সঙ্গে মন্ত্রিসভার সিদ্ধান্তের অনুলিপি যুক্ত করে দেওয়া হয়েছে।
অন্যদিকে, নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ-ও তাদের সদস্য কারখানাগুলোকে শনিবার ছুটির নির্দেশনা দিয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে।


