বন্ড সুবিধার অপব্যবহার করে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জের ছয়টি টেক্সটাইল মিলে অভিযান চালিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানে প্রায় ২৬৯ কোটি ৪৮ লাখ টাকার রাজস্ব ফাঁকির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করে। এর আগে গত ৮ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও আড়াইহাজার এলাকার ছয়টি প্রতিষ্ঠানে একযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে কাস্টমস গোয়েন্দাদের সঙ্গে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরাও অংশ নেন।

যেভাবে হতো ফাঁকিবন্ড সুবিধার আওতায় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্ত সুবিধায় সুতা, কাপড় ও বিভিন্ন রাসায়নিক কাঁচামাল আমদানি করে। নিয়ম অনুযায়ী এসব কাঁচামাল কারখানায় পোশাক বা পণ্য উৎপাদনে ব্যবহার করার কথা। তবে এই প্রতিষ্ঠানগুলো কাঁচামাল কারখানায় ব্যবহার না করে খোলাবাজারে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযানে গুদামের মজুত পণ্যের সঙ্গে কাস্টমসের অনলাইন হিসাবের বড় ধরনের গরমিল পাওয়া যায়।যে ছয় প্রতিষ্ঠানে অনিয়ম মিলেছে:

১. সিম ফেব্রিক্স লিমিটেড (রূপগঞ্জ): প্রায় ৯০ কোটি ৭৭ লাখ টাকা।

২. জাহিন নিটওয়্যার্স লিমিটেড (বন্দর): প্রায় ৬৪ কোটি ৬১ লাখ টাকা।

৩. সানজানা ফেব্রিক্স লিমিটেড (রূপগঞ্জ): প্রায় ৬০ কোটি ৩৩ লাখ টাকা।

৪. বোনাফাইড নিটিং মিলস লিমিটেড (আড়াইহাজার): প্রায় ৩৯ কোটি ৫০ লাখ টাকা।

৫. জামাল উদ্দিন টেক্সটাইলস প্রাইভেট লিমিটেড (বন্দর): প্রায় ৯ কোটি ৪৫ লাখ টাকা।

৬. মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড (রূপগঞ্জ): প্রায় ৪ কোটি ৮৩ লাখ টাকা।

নথিপত্র যাচাই ও পরবর্তী পদক্ষেপঅভিযানের সময় প্রতিষ্ঠানগুলোর আমদানি, উৎপাদন ও মজুত সংক্রান্ত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। বর্তমানে সেগুলো নিবিড়ভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ২৬৯ কোটির বেশি টাকার শুল্ক ফাঁকির তথ্য এলেও, পূর্ণাঙ্গ তদন্ত শেষে এই অঙ্ক আরও বাড়তে পারে। বন্ড সুবিধার অপব্যবহার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

About The Author


স্বত্ব © ২০২৬ টেক্সটাইল মিরর
Email: contact@textilemirrorbd.com